নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। ভোটের দিন ঘোষণা হতেই দায়ের হয়েছে একাধিক মামলা। মাত্র কয়েকদিনেই এত অশান্তির অভিযোগে রীতিমত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বুধবার একটি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কড়া ভাষায় বলেন, এত অশান্তি হলে নির্বাচন বন্ধ করা উচিত। ইতিমধ্যেই কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত মামলা দায়ের হয়েছে আদালতে। এহেন পরিস্থিতিতে বিচারপতি সিনহার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মনোনয়ন পর্বে উত্তপ্ত ভাঙড়! এবার Naushad Siddiqui সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ


জানা গিয়েছে, মনোনয়ন জমা ও প্রতীক নির্ধারিত হয়ে যাওয়ার পরও মঙ্গলবার নির্বাচনের ওয়েবসাইটে কয়েকজন প্রার্থীর নাম নেই। এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ভাঙড়ের একাধিক প্রার্থী। আজ সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিচারপতির সামনে মনোনয়ন পর্বের সন্ত্রাস সংক্রান্ত কিছু নথি পেশ করেন। তার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা কার্যত ক্ষুব্ধ হয়ে যান। তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে যদি এত অশান্তি, এত রক্তপাত তাহলে ভোট করানোর প্রয়োজন কী? ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটি রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জাজনক।

আদালতে মামলাকারী ভাঙড়ের প্রার্থীরা জানায়, ১৯ তারিখ অবধি প্রার্থী তালিকায় নাম ছিল। কিন্তু ২০ তারিখ থেকেই হঠাৎ নির্বাচনের ওয়েবসাইটে তাঁদের অনেকের নাম নেই। কেন এমন হল এবং কীভাবে এটি সম্ভব এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন, “যদি আইন শৃঙ্খলার এই অবস্থা হয় যে প্রার্থীরা সময় মতো মনোনয়ন পেশ করতে পারছেন না, তাহলে তাঁদের অতিরিক্ত সময় তো দিতেই হবে।”



উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের অশান্তির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার একটি বিশেষ মামলায় এই রায় দেয় আদালত। জানা গিয়েছে, নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগের ভিত্তিতে এমনটাই নির্দেশ দেন তিনি।
ভোট ঘিরে হিংসার অভিযোগে বিরক্ত আদালত, ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা








