নজরবন্দি ব্যুরো: যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে ইউজিসি। কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছে অ্যান্টি র্যাগিং টিম। প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর পর র্যাগিং তত্ত্ব উঠে এসেছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি বৈঠকের মারফত একটি প্রাথমিক রিপোর্ট জমা দেবে। এদিকে ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউশন অব এমিনেন্স’ (IoE) তকমা না দেওয়ার পক্ষে সুপারিশ করেছে ইউজিসি-র একটি কমিটি।
আরও পড়ুন: রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ, যাদবপুরকাণ্ডে প্রতিক্রিয়া দেবের


গত বুধবার যাদবপুর হস্টেলের নীচ থেকে স্বপ্নদীপ কুণ্ডুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। মৃত পড়ুয়ার পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়েছে। মাত্র দুদিন আগে হস্টেলে গিয়ে নাবালক ছাত্রের এই মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারছে না। কার্যত তোলপাড় ফেলে দিয়েছে এই ঘটনা। মৃত ছাত্রের পরিবার র্যাগিংয়ের অভিযোগ এনেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং কমিটির সুপারিশ মানা হয়নি বলেও অভিযোগ অধিকাংশের। ইতিমধ্যেই যাদবপুর কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া প্রতিক্রিয়া ইউজিসির (University Grant Commission)।

‘ইনস্টিটিউশন অব এমিনেন্স’ স্কিমের অধীনে দেশের ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হয়। এই তকমা পাওয়া বিশ্ববিদ্যালয়গুলি অটোনমাস অর্থাৎ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বেছে নিলেও এই তকমা না দেওয়ার পক্ষে দাঁড়িয়েছে ইউজিসি। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই স্কিমের অধীনে ৩,২৯৯ কোটি টাকা ব্যয় সহ একটি বাজেট প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু এই প্রকল্পেসর্বোচ্চ ১০০০ কোটি টাকা বরাদ্দ করা যায়।


উল্লেখ্য, যাদবপুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সোমবার র্যাগিংয়ের বিরোধিতায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারীর আবেদন, র্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের নির্দেশে আর.কে. রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে তা যত দ্রুত সম্ভব প্রয়োগের ব্যবস্থা করা হোক। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া ভাবনা UGC-র, বুধেই রাজ্যে অ্যান্টি র্যাগিং টিম








