নজরবন্দি ব্যুরো: প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। রং লেগেছে রাজনীতির। একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। গতকালই মৃত ছাত্রের বাড়িতে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার যাদবপুরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসার জন্য ইউজিসিকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুন: দুই শনিবার বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, ভোগান্তি বাড়বে যাত্রীদের
এদিন যাদবপুরে যাবেন শুভেন্দু অধিকারী। ছাত্র মৃত্যুর পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বিকেলে এবিভিপির অবস্থানে যোগ দেবেন। আগামীকাল (১৮ আগস্ট) বিরোধী দলনেতা নিহত পড়ুয়ার বগুলার বাড়িতে যাবেন। শুক্রবার তিনি একা নন, তাঁর সঙ্গে আরও ১০-১৫ জন বিধায়ক থাকবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ”আমি ব্রাত্য বসুকে বলছি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট (পড়ুয়া মৃত্যুর পর কী কী পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট) আপনাকে দিতে হবে। নয়ত হাউস চালাতে দেব না।”

রাজ্যে ইউজিসির আসা প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “হয়তো এ রাজ্যে আসার ক্ষেত্রে সুরক্ষা-নিরাপত্তার ভয় থাকতে পারে তাদের। যেহেতু আমি বিরোধী দলনেতা তাই আমার অধিকার আছে ইউজিসিকে জানানো। চেয়ারম্যানের কাছে চিঠি লিখব যাতে দ্রুত এ রাজ্যে দল পাঠানো হয়।” প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর একাধিক অভিযোগ জমা পড়েছিল ইউজিসি-তে। চলতি সপ্তাহে ইউজিসির তরফে অ্যান্টি র্যাগিং টিম রাজ্যে আসার কথা ছিল। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে ‘সন্তুষ্ট’ হওয়ায় সেই দল আসেনি।
প্রসঙ্গত, গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়ার। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়। এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ তদন্তে নেমে পড়ুয়া-প্রাক্তনী মিলিয়ে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে যাদবপুরকাণ্ডে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
আজ যাদবপুরে শুভেন্দু, যোগ দেবেন ABVP-র প্রতিবাদ কর্মসূচিতে




