নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর তদন্তে আরও ৬ জনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে তিনজন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। রাতভর জিজ্ঞাসাবাদের পর পাকড়াও করা হয়েছে তাদের।
আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে তলব করল লালবাজার
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র মহম্মদ আরিফ (১৮), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া মহম্মদ আশিফ আফজল আনসারি (২২), সদ্য প্রাক্তনী সপ্তক কামিল্যা। তদন্তে নেমে পুলিশের তরফে বিভিন্ন পড়ুয়ার বয়ান আগেই রেকর্ড করেছিল। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন ধৃত আরিফের দাবি, ঘটনার দিন প্রথম বর্ষের ওই পড়ুয়াকে তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর হাত ছাড়িয়েই সে ঝাঁপ মারে হস্টেল থেকে। এখনও একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে, ফলে গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।

যাদবপুরের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়ার। এই মর্মান্তিক ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ আনা হয়। মৃতের মায়ের বয়ানের ভিত্তিতে এই ঘটনায় প্রথম গ্রেফতার হয় প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরী। এরপর দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়াকেও গ্রেফতার করে পুলিশ। ছাত্রমৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে সব মহল। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

উল্লেখ্য, যাদবপুরকাণ্ডে হস্তক্ষেপ করে ইউজিসি। ছাত্রমৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কী কী পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠকের পর সেই রিপোর্ট জমা দেয়। অন্যদিকে, আজই বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট এবং রেজিস্টারকে লালবাজারে তলব করা হয়েছে।
যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৬, ধৃতদের তিনজন প্রাক্তন পড়ুয়া




