ঋণের ভার কমিয়ে ফের মাঝআকাশে ডানা ওড়াতে তৈরি জেট এয়ারওয়েজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঋণের ভার কমিয়ে ফের মাঝআকাশে ডানা ওড়াতে তৈরি জেট এয়ারওয়েজ। বিপুল ঋণের বোঝায় ২০১৯ সালে ডানা ভেঙ্গে মুখ থুবড়ে পড়েছিল অন্যতম বৃহত্তম এয়ারলাইন সংস্থা জেট এয়ারওয়েজ। ক্ষত সামলে ২০২১ সালে ফের আকাশে পাড়ি দিতে প্রায় তৈরি জেট। সৌজন্যে সংস্থার নতুন মালিক মুরারী লাল জালান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে সংযুক্ত আরব আমিরশাহীর এই উদ্যোগপতি জানান নসিএলটি তথা জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে ছাড়পত্র পেলেই চালু হয়ে যাবে উড়ান।

আরও পড়ুনঃ বাটলা হাউস এনকাউন্টার মামলায় আরিজ খানকে ফাঁসির সাজা দিল দিল্লি আদালত

আগামী ছ’মাসের মধ্যেই ২৫টি বিমান নিয়ে পরিষেবা শুরু করবেন তাঁরা। প্রসঙ্গত ২০১৯ সালে বিপুল ঋণের বোঝা সামলাতে না পেরে দেউলিয়া আইনে সংস্থা বিক্রির জন্য দরপত্র চেয়েছিল ঋণদাতারা। গত বছর অক্টোবরে লন্ডনের সংস্থা কালরক ক্যাপিটালের সঙ্গে যৌথ উদ্যোগে জেটের নিলাম জিতে নেন আরবের উদ্যোগপতি মুরারী লাল। তিনি জানান, বাজারে যা ধারবাকি আছে তার বেশ খানিকটা শোধ করে উড়ান শুরু করা হবে এ বছরের শেষের দিক থেকেই। একবার উড়ান চালু হয়ে গেলে বাকি ধার শোধ হয়ে যাবে আগামী তিন-চার বছরের মধ্যেই। জেটের হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে জেট ২.০ প্রোগ্রাম শুরু করেছে ফ্লিটজ গ্রুপ।

এতদিন ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ানে যে যে পরিষেবা বন্ধ ছিল তা আবার ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করা শুরু করে দিয়েছে সংস্থাটি। জেটের হাতে এখন বিমান সংখ্যা কম। তবে চলতি বছরের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জোট বেঁধে আরও ১২০টি বিমান নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জেটের। জালান বলেছেন, অর্থনৈতিক ভিত আরও মজবুত করার চেষ্টাও হবে। প্রসঙ্গত একসময় ভারতে বিমান পরিবহণ ব্যবসার ১৩.৯ শতাংশ ছিল জেটের দখলে। দেশের অভ্যন্তরে ছাড়াও লন্ডন ও সিঙ্গাপুরেও বিমান চালাত তারা। তবে একের পর এক নতুন বিমান সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় না পেরে ঋণে ডুবে যায় জেট। শিল্পপতি নরেশ গোয়েল প্রতিষ্ঠিত জেট এয়ারওয়েজের ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকা।

ঋণের ভার কমিয়ে ফের মাঝআকাশে ডানা ওড়াতে তৈরি জেট এয়ারওয়েজ। অনেকে বলেন, জেট এয়ারওয়েজের সঙ্কটের শুরু ২০০৬ সাল থেকে। ওই বছর জেট ৫০ কোটি ডলার দিয়ে এয়ার সাহারা কিনে নেয়। নরেশ গোয়েলের ব্যবসার কয়েকজন অংশীদার তাঁকে অত দাম দিয়ে এয়ার সাহারা কিনতে বারণ করেছিলেন। অভিযোগ ওঠে, নরেশ গোয়েল সব সিদ্ধান্ত একা নিতেন। আর কারও মতামত গ্রাহ্য করতেন না। তিনি একের পর এক ভুল করে জেট এয়ারওয়েজকে ডুবিয়েছেন। তবে অতীতের সব বাধা কাটিয়ে ফের উড়ান দিতে চলেছে জেট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর