নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, ৩১ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ইসরোর প্রতিনিধি দল আসতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি তাঁরা ঘুরে দেখবেন হস্টেলও।
আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সালফার অক্সিজেন সহ একাধিক খনিজের সন্ধান পেল প্রজ্ঞান


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন ১৩ জন। র্যাগিংয়ের ফলেই যে পড়ুয়ার মৃত্যু হয় তা কার্যত পুলিশ নিশ্চিত। সেই কারণে শুধু যাদবপুর নয় রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেই র্যাগিং বন্ধ করতে তৎপর রাজ্য সরকার। চালু হয়েছে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন।

যাদবপুর ছাত্রমৃত্যু নিয়ে প্রথম থেকেই সরব থেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয়ে যান। বুদ্ধদেব সাউকেও নিয়োগ করেন তিনিই। কয়েক দিন আগেই ইসরোর চেয়ারপার্সন এস সোমনাথকে ফোন করেন রাজ্যপাল।



রাজ্যপাল জানতে চান, এমন কোনও উন্নত প্রযুক্তি কি ইসরোর কাছে রয়েছে যা দিয়ে র্যাগিং আটকানো সম্ভব। সেই পরিপ্রেক্ষিতেই যাদবপুরে আসছে ইসরোর প্রতিনিধি দল। আগেই বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে পরিদর্শনের জন্য ৩১ ও ১ তারিখের কথা জানিয়েছিল ইসরো।
রাজ্যপালের অনুরোধে যাদবপুরে ইসরোর প্রতিনিধি দল, কবে?
সূত্রের খবর, ইসরোর এই প্রতিনিধি দল মূলত দেখবে উন্নত প্রযুক্তি যেমন ভিডিয়ো অ্যানালিটিক্স, টার্গেট ফিক্সিং এর মতো প্রযুক্তি যাদবপুরে কাজ করবে কি না? রেডিয়ো ফ্রিকোয়েন্সি নিয়েও হতে পারে মিটিং। শুধু তাই নয়, হস্টেলেও যেতে পারে ইসরোর দল।








