লোকসভা নির্বাচনের দিন এগিয়ে এলেও হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি। বঙ্গ শিবিরের নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক বৈঠক হয়েছে। এখনও পর্যন্ত বাংলার ৪০ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু ‘হেভিওয়েট’ তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বিজেপির মুখ কে হবে, এখনও স্পষ্ট নয়। এই পরিস্থতিতে একাধিক নাম উঠে এসেছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal) প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।

আরও পড়ুন: লোকসভার আগে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, উত্তরবঙ্গে দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের
গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপির নেতৃত্ব দিল্লিতে বৈঠকে বসেছিলেন, কিন্তু সূত্রে খবর, দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। গত রবিবার বাংলায় দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি (BJP), কিন্তু সেখানে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের নাম ছিল না।

সূত্রে খবর, ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া কৌস্তভ বাগচী (Koustav Bagchi), রুদ্রনীল ঘোষ। এবার উঠে আসছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছেন, তাই বিজেপি আইএসএফের (ISF) সিদ্ধান্তের অপেক্ষা করছে। নওশাদ প্রার্থী হলে অঙ্ক কষে প্রার্থী দেবে তারা।
মমতার কাছে হার, সেই প্রিয়াঙ্কাকেই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে চাইছে বিজেপি?

গত বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি। তবে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গঠন করে বাংলায়। হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের পদ ধরে রাখতে তাঁকে উপনির্বাচনে জয়ী হতে হত। ২০২১ সালে উপনির্বাচনে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি মহিলা মুখ আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করে। যদিও তিনি পরাজিত হয়েছিলেন।



