মার্কিন হামলার পর বড় পদক্ষেপ ইরানের, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, তেল পরিবহণে বিশ্বজুড়ে উদ্বেগ

মার্কিন সামরিক হামলার পর কড়া প্রতিক্রিয়া ইরানের। হরমুজ় প্রণালীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বাড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে আমেরিকার সামরিক হামলার জেরে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী বন্ধের ঘোষণা করেছে তেহরান। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক তেল পরিবহণ এবং বৈশ্বিক বাণিজ্যে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানি সেনা সূত্রের দাবি, হরমুজ় প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ-সহ কোনও ধরনের নৌযান চলাচল করতে পারবে না। নির্দেশ অমান্য করে কোনও জাহাজ এই পথ ব্যবহার করার চেষ্টা করলে তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আমেরিকার সামরিক আগ্রাসনের প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই হরমুজ় প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ় প্রণালী। পশ্চিম এশিয়ার একাধিক তেল উৎপাদনকারী দেশ থেকে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে প্রণালী বন্ধের ঘোষণার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে উদ্বেগ ছড়িয়েছে।

মার্কিন হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন