আইপিএলে ‘মোবাইল বিতর্ক’! দুর্নীতির অভিযোগে সরব ললিত মোদি

আরসিবি বনাম রাজস্থান ম্যাচে ডাগআউটে মোবাইল ব্যবহারের অভিযোগ, নিয়মভঙ্গ নিয়ে প্রশ্ন; দ্রুত তদন্ত ও কড়া পদক্ষেপের দাবি ললিত মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের ময়দানে নতুন বিতর্ক—আর তাতে সরব স্বয়ং প্রতিষ্ঠাতা ললিত মোদি। ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহারের একটি ভিডিও ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ, যা ‘দুর্নীতির শামিল’ বলেই দাবি তাঁর।

ঘটনাটি ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, রাজস্থানের এক স্টাফ—ম্যানেজার রোমি ভিন্ডের—ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করছেন। তাঁর পাশেই ছিলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী, তাকেও স্ক্রিনের দিকে নজর দিতে দেখা যায়।

এই দৃশ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে—আইপিএলের কঠোর নিয়ম ভাঙা হল কি? নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউট বা প্লেয়িং এরিয়ায় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু ম্যানেজার বা মিডিয়া ম্যানেজার ফোন রাখতে পারেন, কিন্তু ব্যবহার করতে পারেন না। মূলত ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই কড়াকড়ি।

এই প্রেক্ষিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ললিত মোদি। তাঁর বক্তব্য, “এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তা সম্পূর্ণ ভুল। দ্রুত আইপিএলের গভর্নিং কাউন্সিলের পদক্ষেপ নেওয়া উচিত।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এত বড় ঘটনার সময় দুর্নীতি দমন শাখা কী করছিল?

সূত্রের খবর, বিষয়টি ইতিমধ্যেই নজরে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ম ভাঙার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

সব মিলিয়ে, একটি ছোট দৃশ্যই বড় বিতর্কে রূপ নিয়েছে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং আইপিএল কর্তৃপক্ষ কত দ্রুত ও কড়া পদক্ষেপ নেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর