৬ কোটি দাম হেঁকেও ভেঙ্কটেশকে পেল না KKR, ৭ কোটিতে এবার তিনি আরসিবির

গত মরশুমে কেকেআর ছাড়ার পর ফিল সল্টে বাজি ধরেছিল আরসিবি। ২০২৬ নিলামে সেই পথেই হাঁটে বেঙ্গালুরু, ৭ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে টেনে নেয় তারা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল নিলামে কি কেকেআরের ছাড়া ক্রিকেটাররাই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র মূল টার্গেট? প্রশ্নটা নতুন করে উঠছে IPL 2026 নিলামের পর। গতবার কেকেআর ছেড়ে দেওয়া ফিল সল্টকে দলে নিয়ে দারুণ ফল পেয়েছিল আরসিবি। এ বার সেই পথেই হেঁটে তারা দলে নিল ভেঙ্কটেশ আইয়ারকে।

গত মরশুমে ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করেও নিলামে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে তাঁকে ফিরিয়ে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রত্যাশামতো পারফরম্যান্স না হওয়ায় এ বার তাঁকে ছেড়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সুযোগটাই কাজে লাগাল আরসিবি।

নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে শুরুতে দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি। কিছু সময় পর এলএসজি সরে দাঁড়ালে লড়াই কার্যত সীমিত হয়ে যায় বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে। নিজের পুরনো ক্রিকেটারকে ধরে রাখার চেষ্টা করে কেকেআর, দর তোলে ৬.৮০ কোটি টাকা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত ৭ কোটি টাকায় ভেঙ্কটেশকে কিনে নেয় আরসিবি।

ভেঙ্কটেশ আইয়ার
ভেঙ্কটেশ আইয়ার

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পরিষ্কার কৌশল। আরসিবির নিয়মিত ভরসা রজত পাতিদার এখনও পুরোপুরি ফিট নন। আইপিএলের আগে তিনি মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই পরিস্থিতিতে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে ব্যাকআপ ও মিডল-অর্ডার বিকল্প হিসেবে দলে নেওয়াই নিরাপদ মনে করেছে বেঙ্গালুরু শিবির।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, কেকেআরের হয়ে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা এবং চাপ সামলানোর ক্ষমতাই ভেঙ্কটেশকে আরসিবির কাছে আকর্ষণীয় করে তুলেছে। ফিল সল্টের সাফল্যের পর বেঙ্গালুরুর এই কৌশল যে পরিকল্পিত, তা নিলামের এই সিদ্ধান্তেই স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর