যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। Indian Railways-এর টিকিট বাতিলের নিয়মে আসছে বড় পরিবর্তন। ১ এপ্রিল থেকে ধাপে ধাপে কার্যকর হতে চলা এই নতুন নিয়ম না জানলে শেষ মুহূর্তে মোটা অঙ্কের টাকা কাটা যেতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, কনফার্মড টিকিট বাতিলের ক্ষেত্রে সময়সীমা ও রিফান্ড স্ট্রাকচারে বড় বদল আনা হয়েছে। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে আংশিক টাকা ফেরত পাওয়া যেত। কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৮ ঘণ্টা।
অর্থাৎ, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে আর কোনও রিফান্ড পাবেন না যাত্রীরা—পুরো টাকাই কেটে নেওয়া হবে। ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে।
এছাড়া, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে যাত্রীরা পাবেন মাত্র ৫০ শতাংশ রিফান্ড। আগে এই সময়সীমা ছিল ৪ থেকে ১২ ঘণ্টা।
অন্যদিকে, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। এই ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে—আগে যা ছিল ১২ থেকে ৪৮ ঘণ্টা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি পুরো টাকা (সামান্য ক্যানসেলেশন চার্জ বাদে) ফেরত পেতে চান, তাহলে অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতেই হবে।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে এই নিয়মগুলি কার্যকর করা হবে।
নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা কমানো এবং ওয়েটিং লিস্ট যাত্রীদের সুবিধা বাড়ানো। তবে যাত্রীদের জন্য বার্তাটা স্পষ্ট—আগেভাগে পরিকল্পনা না করলে এবার পকেটে বড় ধাক্কা লাগতে পারে।



