যাদবপুরে সংঘাত চরমে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করে ফের দেওয়াল দখল পড়ুয়াদের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে চুনকাম করে বিতর্কিত স্লোগান মুছে দেওয়া হয়েছে। পাল্টা ফের দেওয়াল দখলের কর্মসূচি পড়ুয়াদের, উত্তপ্ত ক্যাম্পাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য এবং বিতর্কিত স্লোগান মুছে দেওয়ার পরই সোমবার ফের ‘দেওয়াল দখল’-এর কর্মসূচি নিয়েছে পড়ুয়াদের একাংশ। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান, দেওয়াল লিখন এবং ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে লেখা ‘কিষেণজি স্যালুট’, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’, ‘ফ্রি প্যালেস্তাইন’-সহ একাধিক স্লোগানকে ঘিরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ধরনের লেখাকে ‘দেশবিরোধী’ এবং ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে সেগুলি মুছে ফেলার নির্দেশ দিয়ে যাদবপুরকে কড়া বার্তাও দিয়েছিলেন তিনি।

- Advertisement -

এর পরেই রবিবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে দেওয়াল মোছার কাজ শুরু হয়। বিতর্কিত স্লোগান ও গ্রাফিতির উপর পড়ে সাদা চুনের প্রলেপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপের পরই পাল্টা কর্মসূচির ডাক দেয় পড়ুয়াদের একাংশ।

যাদবপুরে সংঘাত চরমে, আজ ফের দেওয়াল দখল পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মুছে গেল ‘স্লোগান’
যাদবপুরে সংঘাত চরমে, আজ ফের দেওয়াল দখল পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই মুছে গেল ‘স্লোগান’

সোমবার ফের দেওয়াল লিখনের সিদ্ধান্তকে ঘিরেই এখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পড়ুয়াদের একাংশের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এত দ্রুত দেওয়াল মোছার সিদ্ধান্ত কেন নেওয়া হল? পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নেশা রুখতে ড্রোন ব্যবহারের যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেই উদ্যোগের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

দেওয়াল মোছা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের বক্তব্য, ‘‘এটা একটা নিরন্তর প্রক্রিয়া। সামনে যে স্লোগানগুলো দেখা যাচ্ছিল, আমরা ওগুলোই মুছেছি।’’ তবে সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের মধ্যে এই ব্যাখ্যাকে যথেষ্ট বলে মনে করছেন না পড়ুয়াদের একাংশ।

এদিকে দেওয়াল লিখন নিয়ে সরাসরি মাঠে নামার কথা জানিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। তাদের বক্তব্য, যেভাবে ভারতবিরোধী স্লোগান মুছে ফেলা হচ্ছে, একইভাবে নকশালপন্থী ও মাওবাদী মতাদর্শের প্রভাবও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলার কাজ তারা করবে।

- Advertisement -

এবিভিপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে ‘দেশবিরোধী’ কার্যকলাপের কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে তারা দৃঢ়ভাবে নিজেদের অবস্থান বজায় রাখবে বলেও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এই বিতর্কে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। সংগঠনের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের গরিমা নষ্ট করে এমন কোনও স্লোগান ক্যাম্পাসে থাকা উচিত নয়। বিতর্কিত দেওয়াল লিখনের বিরুদ্ধে আগেও তারা গণতান্ত্রিকভাবে সরব হয়েছে বলে দাবি করেছে টিএমসিপি।

তবে একই সঙ্গে কোনও নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শগত মতের উপর আঘাত করাও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে তারা। তাদের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতিই অগ্রাধিকার পাওয়া উচিত।

অন্যদিকে, যাদের বিরুদ্ধে মূলত দেওয়াল লিখনের অভিযোগ উঠছে, সেই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI) ফের রং-তুলি নিয়ে দেওয়ালে নামার প্রস্তুতি নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অভিনব বসুর দাবি, তাঁরা ফের দেওয়াল লিখবেন এবং বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ পড়ুয়ারাও সেই কর্মসূচিতে যোগ দেবেন।

অভিনবের কথায়, ‘‘আমরা ফের দেওয়াল লিখব। এসএফআইয়ের তরফে তো লিখবই।’’ তাঁর দাবি, ওই দেওয়ালগুলিতে ফ্যাসিবাদবিরোধী স্লোগান লেখা ছিল। ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা নিয়েও বিজেপি, আরএসএস ও এবিভিপির আপত্তির সমালোচনা করেছেন তিনি।

এসএফআইয়ের আরও দাবি, দেওয়াল মুছে দিয়ে এই বিতর্কের স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং দ্রুত ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করা হলে ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হবে বলে দাবি বাম ছাত্র সংগঠনটির।

ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন এখন আর শুধু দেওয়ালেই আটকে নেই। একদিকে বিতর্কিত স্লোগান মুছে ফেলার প্রশাসনিক পদক্ষেপ, অন্যদিকে ফের দেওয়াল দখলের ঘোষণা—দুইয়ের সংঘাতে ক্যাম্পাসের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর