যুদ্ধের আশঙ্কা ঘনাচ্ছে, ইরান ছাড়তে ভারতীয়দের সতর্কবার্তা দূতাবাসের

আমেরিকা-ইরান উত্তেজনা বাড়তেই ইরানে থাকা ভারতীয়দের সতর্কবার্তা দূতাবাসের। জরুরি নথি সঙ্গে রাখা ও দ্রুত রেজিস্ট্রেশনের নির্দেশ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তেজনা, আর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিদেশে থাকা ভারতীয়দের ওপর। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা তীব্র হওয়ায় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জরুরি পরামর্শ জারি করে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে। পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলেই এই পদক্ষেপ বলে কূটনৈতিক মহলের অনুমান।

সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি ফের আলোচনার টেবিলে বসার কথা আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের। ওমান ইতিমধ্যেই সেই বৈঠকের সম্ভাবনা নিশ্চিত করেছে। তবে কূটনৈতিক আলোচনা চললেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমার বদলে বরং বাড়ছে বলেই আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে।

এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস একটি পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করে ইরানে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ভারতীয় নাগরিক যেন দ্রুত নিজেদের নিবন্ধন সম্পন্ন করেন নির্দিষ্ট ওয়েবসাইটে এবং যেকোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। পাশাপাশি একাধিক হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে— +989128109115, +989128109109, +989128109102 এবং +989932179359।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সবসময় সঙ্গে রাখতে হবে। জরুরি পরিস্থিতি তৈরি হলে যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের আশপাশে মোতায়েন রয়েছে আমেরিকার দুটি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধবিমান এবং একাধিক যুদ্ধজাহাজ। ওপেন সোর্স ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ১৫০টিরও বেশি কার্গো ফ্লাইটে অস্ত্র ও গোলাবারুদ ওই অঞ্চলে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়াও এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানকে মধ্যপ্রাচ্যের দিকে যেতে দেখা গেছে। জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমান মোতায়েন এবং বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেনা সরানোর ঘটনাও নজরে এসেছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাতের আশঙ্কা থেকেই এই কৌশলগত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন আন্তর্জাতিক কূটনীতির ওপর নির্ভর করছে। তবে সতর্ক অবস্থানেই রয়েছে ভারত সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর