আমেরিকায় গ্রেফতার হলেন এক ভারতীয় চিকিৎসক। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে তিনি চিকিৎসার জন্য আসা শিশু এবং মহিলাদের নগ্ন ছবি এবং ভিডিয়ো তুলতেন। তাঁর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। ৪০ বছর বয়সী এই ভারতীয় চিকিৎসকের নাম ওমাইর এজাজ। এই মুহূর্তে তিনি আমেরিকার জেলে বন্দি। তাঁকে ২ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
বিগত ৮ অগস্ট ওমাইর এজাজকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। জানা গিয়েছে, তিনি হাসপাতালের একাধিক বাথরুম, পোশাক পরিবর্তনের ঘর, শয্যাকক্ষ এবং নিজের বাড়িতেও বিভিন্ন জায়গায় ক্যামেরা লুকিয়ে রাখতেন। দু’বছর বয়সী শিশু থেকে শুরু করে শতাধিক মহিলার নগ্ন ছবি তিনি তুলেছেন বলে জানিয়েছে আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম ফক্স নিউজ। এজাজের স্ত্রী-ই প্রথম পুলিশের কাছে তাঁর স্বামীর এই কুকীর্তির কথা ফাঁস করেন। যদিও এজাজের নামে অন্য কোনও অপরাধের ইতিহাস নেই।
অকল্যান্ড কাউন্টি শেরিফ মাইক বাউচার্ড বলেছেন, এজাজ অজ্ঞান বা ঘুমন্ত অবস্থায় থাকা অসংখ্য মহিলার নগ্ন রেকর্ড করেছেন। শুধুমাত্র একটি হার্ড ডিস্কে ১৩ হাজারের বেশি ভিডিয়ো পেয়েছে পুলিশ। তাছাড়া স্মার্ট ফোন ও অন্যান্য হার্ড ডিস্কে আরও প্রচুর পরিমাণে ভিডিয়ো ও ছবি থাকতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওকল্যান্ড কাউন্টির একটি শহর রচেস্টার হিলসে থাকেন এজাজ। যাদের ভিডিয়ো তিনি তুলেছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করবে মার্কিন পুলিশ।
আরও জানা গিয়েছে, হাসপাতালের পাশাপাশি ২০২৩ সালে গোল্ডফিশ সুইমিং ক্লাবের পোশাক পরিবর্তন ঘরে একটি ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন এজাজ। সেখানে মূলত বাচ্চাদের নিয়ে মায়েরা সাঁতার শিখতে আসতেন। পুলিশের সন্দেহ বিভিন্ন মহিলা এবং শিশুদের সঙ্গে যৌন নির্যাতন করে থাকতে পারেন এজাজ। উল্লেখ্য, ২০১১ সালে ভারত থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এজাজ। এই মুহূর্তে তিনি সে দেশের নাগরিকত্বও পেয়ে গিয়েছেন। তিনি কাজ করতেন শিনাই গ্রেস হাসপাতালে, যেটি আলাবামাতে অবস্থিত। ২০১৮ সালে এজাজ চলে আসেন মিশিগানে।



