অফ ফর্ম ও অসুস্থতায় চাপে অভিষেক! দক্ষিণ আফ্রিকা ম্যাচেই কি বদলাবে ভারতের প্রথম একাদশ? বড় সিদ্ধান্তের ইঙ্গিত

অফ ফর্ম ও অসুস্থতায় চাপে অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট ম্যাচে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরালো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর আগেই ভারতীয় শিবিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দলের কম্বিনেশন নিয়ে। টানা জয়ের ধারায় থাকলেও ব্যাটিং অর্ডারের এক জায়গা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। অফ ফর্ম ও শারীরিক সমস্যায় ভোগা অভিষেক শর্মাকে কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বসানো হবে? সুপার এইটের প্রথম ম্যাচের আগে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

২২ তারিখ থেকে শুরু হচ্ছে সুপার এইটের লড়াই, যেখানে ভারতের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে ভারত অপরাজিত থাকলেও অভিষেক শর্মার পারফরম্যান্স উদ্বেগ বাড়িয়েছে। চার ম্যাচের মধ্যে তিনটিতে শূন্য রানে আউট হয়ে অপ্রত্যাশিত নজির গড়েছেন তিনি।

সমস্যা শুধু ফর্মেই সীমাবদ্ধ নয়। আমেরিকার বিরুদ্ধে ম্যাচের পর পেটের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিষেককে। শারীরিক দুর্বলতা, ওজন কমে যাওয়া এবং কঠোর ডায়েট পরিবর্তনের মধ্যেই তাঁকে পাকিস্তান ও নেদারল্যান্ডস ম্যাচে খেলানো হয়। পর্যাপ্ত বিশ্রাম না পাওয়াই তাঁর ব্যর্থতার অন্যতম কারণ কি না, সেই প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে উঠে আসছেন সঞ্জু স্যামসনের নাম। নামিবিয়ার বিরুদ্ধে ২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ধারাবাহিক বড় ইনিংস নেই, তবু বর্তমান ফর্মের বিচারে অভিষেকের তুলনায় এগিয়ে রয়েছেন সঞ্জু। বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ সুপার এইট ম্যাচে ঝুঁকি না নিয়ে অভিজ্ঞ বিকল্পকে সুযোগ দেওয়া হতে পারে।

সূত্রের ইঙ্গিত, টিম ম্যানেজমেন্ট চাইছে অভিষেককে কিছুটা সময় দিতে, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে নকআউট পর্বে কাজে লাগতে পারেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা জোরালো।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ঈশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা।

হেড-টু-হেড পরিসংখ্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান যথেষ্ট শক্তিশালী। মোট ৩৫ ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত এগিয়ে—৫ জয় ও ২ হার। বিশেষ করে ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালে ৭ রানে জয়ের স্মৃতি এখনও তাজা।

এখন দেখার, টিম ম্যানেজমেন্ট কি ফর্মকে প্রাধান্য দেবে, নাকি তরুণ ওপেনারকে আরও একটি সুযোগ দেওয়া হবে। সুপার এইটের প্রথম ম্যাচেই তার উত্তর মিলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর