নজরবন্দি ব্যুরোঃ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে তে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ‘হিটম্যান’ রোহিত। টি ২০ সিরিজে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ডকে ৩-২ ফলে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় ক্রিকেট দল। গুজরাটে টি ২০ সিরিজের রেশ কাটিয়ে এবার দুই দল মুখোমুখি হতে চলেছে ওয়ান ডে সিরিজে। যে সিরিজের তিনটি ম্যাচই খেলা হবে পুনেতে। এই সিরিজ শেষেই সবাই শুরু করে দেবে আইপিএলের প্রস্তুতি।
আরও পড়ুনঃ এবার বোরখা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়
যা শুরু হতে চলেছে আগামী ৯ ই এপ্রিল। এদিকে ওয়ান ডে সিরিজের দল নিয়ে বিরাট জানান এই সিরিজে রোহিতের সাথে ওপেন করতে দেখা যাবে তাঁর পুরনো সঙ্গী শিখর ধাওয়ানকেই। অন্যদিকে স্পিনার হিসেবে চাহালের সাথে খেলতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া বা ওয়াশিংটন সুন্দর সুযোগ পাবেন। পেসারদের নেতৃত্বে থাকবেন ভুবনেশ্বর কুমার। উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুল, এবং রিশভ পন্থ দুজনের মধ্যে একজন দলে জায়গা পাবেন। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে রিশভ দলের প্রথম পছন্দ তা বলাইবাহুল্য। পুণেতে প্রথম ম্যাচের আগে আকাশের মুখভার থাকায় খানিক সংশয় তৈরি হয়েছিল সময়মতো ম্যাচ শুরু হওয়া নিয়ে। তবে বেলা বাড়তেই দুশ্চিন্তার সেই কালো মেঘ কেটে গিয়ে রৌদ্রজ্জ্বল আকাশের দেখা মিলেছে। আপাতত বৃষ্টির আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। পুণের পিচে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে।
এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে টস। শুরুর দিকে পিচে সামান্য সুবিধা পেতে পারেন ফাস্ট বোলাররা। এদিকে মাঠে নামার আগেই অনন্য রেকর্ডের সামনে হিটম্যান রোহিত শর্মা। বীরেন্দ্র শেহওয়াগকে টপকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতে পারেন রোহিত। ওপেনার হিসেবে এই মুহূর্তে হিটম্যানের সংগ্রহ ৭ হাজার ১৪৮ রান। আপাতত চতুর্থ স্থানে তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর সংগ্রহ ৭ হাজার ২৪০ রান।
আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে তে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে ‘হিটম্যান’ রোহিত। অর্থাত্, আজ আর ৯৩ রান করতে পারলেই বীরুকে টপকে ওপেনার হিসেবে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি। ৯ হাজার ১৪৬ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৫ হাজার ৩১০ রান নিয়ে শীর্ষে শচীন তেণ্ডুলকর।



