ড্রোন হামলার বিরুদ্ধে লেজার ঢাল! ফ্রান্স থেকে ‘হেলমা’ অস্ত্র কিনছে ভারত, আকাশেই ধ্বংস হবে শত্রু UAV

শত্রু ড্রোন মোকাবিলায় ফ্রান্স থেকে ‘হেলমা-পি’ লেজ়ার অস্ত্র কিনছে ভারত। উন্নত রেডার ও জ্যামারসহ এই ডিরেক্ট এনার্জি সিস্টেম আকাশ প্রতিরক্ষায় বড় শক্তি যোগ করবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আধুনিক যুদ্ধের ময়দানে ড্রোনই এখন সবচেয়ে বড় হুমকি। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ভারত। শত্রুপক্ষের অনুপ্রবেশকারী ড্রোনকে আকাশেই ধ্বংস করতে ফ্রান্স থেকে অত্যাধুনিক লেজ়ারভিত্তিক অ্যান্টি-ড্রোন সিস্টেম ‘হেলমা-পি’ (HELMA-P) কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রযুক্তি যুক্ত হলে ভারতীয় স্থলসেনা ও বায়ুসেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, ফরাসি সংস্থা CILAS-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে শত্রু ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে ভারত একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, যার অন্যতম এই লেজ়ার অস্ত্র ব্যবস্থা।

ভারত ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে ড্রোন প্রতিরোধী লেজ়ার সিস্টেম তৈরির পথে এগিয়েছে। ডিআরডিও-র অধীন ‘সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস’ (CHESS) তৈরি ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম (Mark-2) পরীক্ষামূলক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে এই প্রযুক্তির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে এখনও কয়েক বছর সময় লাগবে। সেই অন্তর্বর্তী সময়ের প্রয়োজন মেটাতেই বিদেশ থেকে হেলমা কেনার সিদ্ধান্ত।

সামরিক পরিভাষায় হেলমা একটি ডিরেক্ট এনার্জি ওয়েপন (DEW)। কয়েক কিলোওয়াট শক্তির লেজ়ার রশ্মি ব্যবহার করে এটি শত্রু ড্রোনকে মুহূর্তের মধ্যে অকেজো বা ধ্বংস করতে পারে। এর কার্যক্ষম পাল্লা দুই কিলোমিটারেরও বেশি।

শুধু লেজ়ার নয়, হেলমা ব্যবস্থায় রয়েছে উন্নত রেডার, যা নিচু উচ্চতায় উড়ে আসা ড্রোন শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন জ্যামার শত্রু ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল করে দিতে পারে। ফলে বিস্ফোরকভিত্তিক প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি দ্রুত, নির্ভুল এবং তুলনামূলকভাবে কম খরচসাপেক্ষ।

গত নভেম্বরে ভারত ও ফ্রান্সের মধ্যে এ বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছিল। পরে ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর বৈঠকের পর যে প্রতিরক্ষা চুক্তিগুলি স্বাক্ষরিত হয়, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই হেলমা লেজ়ার অস্ত্র ক্রয়।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রতিরোধই হবে মূল কৌশল, আর সেই লড়াইয়ে লেজ়ার অস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত