এখনও সেই অর্থে বিশ্বকাপ জয়ের রেশই কাটেনি। মাত্র একদিন আগে ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। আর আজ জিম্বাবোয়ের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১৩ রানে হেরে গেল শুভমন গিলের ভারত। ম্যাচের সেরা হয়েছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা।
জিম্বাবোয়ের বিরুদ্ধে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই দলে বিশ্বচ্যাম্পিয়নদের কেউই নেই। অধিনায়ক হয়েছেন শুভমন গিল। প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নেন তিনি। ২০ ওভারে জিম্বাবোয়ে বোর্ডে তোলে মাত্র ১১৫ রান। সেই রান তাড়া করতে গিয়েই হাঁপিয়ে উঠল ভারতের তরুণ দল। ইনিংস থেমে গেল মাত্র ১০২ রানে।



জিম্বাবোয়ের হয়ে ওয়েটলি মেধেভেরে ২২ বলে ২১ রান করেন। ব্রায়ান বেনেট করেন ১৫ বলে ২২ রান। ডিওন মেয়ার্স করেন ২২ বলে ২৩ রান। উইকেটরক্ষক ক্লাইভ মাদানে করেন ২৫ বলে ২৯ রান এবং অধিনায়ক সিকান্দার রাজা ১৯ বলে ১৭ রান করেন। ভারতের হয়ে লেগ স্পিনার রবি বিষ্ণু চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট পান ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট পেয়েছেন জোরে বলার মুকেশ কুমার এবং আবেশ খান।
বিশ্বকাপ জয়ের রেশ কাটল না, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ ম্যাচ হারল ভারত
মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। ওপেনার অভিষেক শর্মা শূন্য রানে ফিরে গেলেন। অধিনায়ক শুভমন গিল করলেন সর্বোচ্চ রান, ২৯ বলে ৩১! অন্যদিকে, ঋতুরাজ গায়কোয়াড় করলেন মাত্র ৭ রান। রিয়ান পরাগ করলেন ২ রান, রিঙ্কু সিং শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরে গেলেন।



উইকেট রক্ষক ধ্রুব জুড়েল করলেন মাত্র ৬ রান। ওয়াশিংটন সুন্দর ৩৪ বলে ২৭ রান করলেন। রবি বিষ্ণু করেছেন ৯ রান। আবেশ খান করেছেন ১৬ রান। মুকেশ কুমার এবং খালিল আহমেদ শূন্য রান করেছেন। জিম্বাবোয়ের হয়ে অসাধারণ বল করলেন টেন্ডাই চাতারা এবং সিকান্দার রাজা। দু’জনেই নিলেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ব্রায়ান বেনেট, ওয়েলিংটন মাসকাদজা, ব্লেসিং মুজারাবানি এবং লুইক জঙ্গে।







