৫ স্পিনার নিয়ে নামতে পারে ভারত! পাকিস্তান ম্যাচে একাদশে বড় চমকের ইঙ্গিত

স্পিন সহায়ক প্রেমদাসা পিচে কুলদীপ ও ওয়াশিংটনের অন্তর্ভুক্তির জল্পনা, আর্শদীপ ও রিঙ্কুর জায়গা নিয়ে প্রশ্ন। অভিষেকের ফেরা প্রায় নিশ্চিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়ছে প্রতি মুহূর্তে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কেমন হবে ভারতের প্রথম একাদশ? স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে দলে বড়সড় বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রেমদাসা স্টেডিয়াম ঐতিহ্যগতভাবেই স্পিনারদের জন্য অনুকূল। সেই কারণে পাকিস্তান ম্যাচে ভারতীয় দল স্পিন শক্তি বাড়ানোর দিকেই ঝুঁকতে পারে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বেঞ্চে থাকা কুলদীপ যাদবকে এই ম্যাচে দলে নেওয়ার সম্ভাবনা প্রবল।

তবে কুলদীপ দলে ঢুকলে জায়গা ছাড়তে হতে পারে কাউকে। অনেক বিশেষজ্ঞের মতে, বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হতে পারে। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও স্পিন সহায়ক পিচে এই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

শুধু তাই নয়, ব্যাটিং লাইন-আপেও চমক দেখা যেতে পারে। প্রথম দুই ম্যাচে রিঙ্কু সিং ব্যাট হাতে বড় প্রভাব ফেলতে পারেননি। ফলে তাঁর জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সুন্দর দলে এলে স্পিন আক্রমণ যেমন শক্তিশালী হবে, তেমনই ব্যাটিং গভীরতাও বাড়বে।

সবচেয়ে বড় স্বস্তির খবর, অভিষেক শর্মা ফিট হয়ে উঠেছেন। পেটের সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। পাকিস্তান ম্যাচে সঞ্জু স্যামসনের বদলে একাদশে তাঁর ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

এই কম্বিনেশন হলে ভারতের হাতে থাকবে একাধিক স্পিন বিকল্প—অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং পার্ট-টাইম স্পিনার হিসেবে অভিষেক শর্মা। অর্থাৎ একাদশে পাঁচটি স্পিন অপশন নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর