‘এটা ভারতের জন্য’, বাবরদের উড়িয়ে সূর্যের গর্জন—নিজের উপর ভরসার মন্ত্র ঈশানের

ঈশান কিষানের ৭৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে পাকিস্তানকে ৬১ রানে হারাল ভারত। ম্যাচ শেষে সূর্যকুমারের মন্তব্য, এই জয় দেশের জন্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–পাকিস্তান ম্যাচে আবারও একতরফা ছবি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের জয় তুলে নিয়ে সুপার এইটে উঠে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের স্পষ্ট বার্তা—এই জয় দেশের জন্য, আর দলের লড়াই ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

ম্যাচের পরে সূর্যকুমার বলেন, “আমার মনে হয় এটা ভারতের জন্য। আমরা ঠিক যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। এই পিচে প্রথমে ব্যাট করাই ভালো সিদ্ধান্ত ছিল। ঈশান আলাদা ভাবে ভাবছিল। ০/১ পরিস্থিতি থেকে কাউকে দায়িত্ব নিতে হতো, আর সে যেভাবে তা করেছে, সেটা অসাধারণ।”

ভারতের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষান। মাত্র ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংসে তিনি মারেন ১০টি চার ও ৩টি ছক্কা। তাঁর এই ইনিংসই ভারতের স্কোরকে শক্ত ভিত দেয়। পরে তিলক বর্মা (২৫) ও সূর্যকুমার যাদব (৩২) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে শিবম দুবে ২৭ রানের দ্রুত ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটে তোলে ১৭৫ রান।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়া সাহিবজ়াদা ফারহানকে ফেরান। পরের ওভারে জশপ্রীত বুমরার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাইম আয়ুব ও অধিনায়ক সলমন আঘা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন উসমান খান। তিনি ৪৪ রান করলেও অক্ষর প্যাটেলের বলে স্টাম্প আউট হন ঈশানের হাতে। পরে কুলদীপ যাদব মহম্মদ নওয়াজ়কে ফেরান, শাদাব খানকে আউট করেন তিলক বর্মা। বরুণ চক্রবর্তী নেন আরও দুটি উইকেট। শেষ উইকেট হিসেবে উসমান তারিককে স্টাম্প করেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়—যা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন স্কোর।

দলের বোলিং পারফরম্যান্সে খুশি অধিনায়ক সূর্য। তিনি বলেন, “বল হাতে সবাই অবদান রেখেছে, এটা দেখতে ভালো লাগছে। আমরা দল হিসেবে ভালো খেলেছি। এখন আমেদাবাদের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।”

ম্যাচের সেরা ঈশান কিষান জানান, শুরুতে পিচ সহজ ছিল না। “সেই সময় নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি ছিল। নিজের শক্তির উপর মনোযোগ দিতে হয়। আমি চেয়েছিলাম ওদের যতটা সম্ভব দৌড় করাতে। অফ-সাইডের খেলায় আমি অনেক কাজ করেছি। সহজ ভাবে খেলার চেষ্টা করছিলাম,” বলেন তিনি।

ঈশানের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ সব সময়ই আলাদা। “এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা চেষ্টা করব এই ছন্দ বজায় রাখতে,” যোগ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর