ফের বিপাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থ ও অর্পিতার নামে আরও বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি আয়কর দফতরের। এই মুহূর্তে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি অর্পিতা। সেখানে গিয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীকে জেরা করার জন্য কলকাতার বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দফতর, এমনটাই সূত্রে খবর।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে অভিযান চালায় ইডি। সেখানে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। এরপরই উঠে আসে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। সঙ্গে পাওয়া যায় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না।

এরপর পাঁচ দিন পর, ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়ে। সঙ্গে মেলে সাতটি ভিনদেশী মুদ্রা।
অপার নামে আরও বেনামি সম্পত্তি, এবার আয়কর দফতরের নিশানায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা!

দু’জনের নামে একাধিক বেনামী সম্পত্তি পায় ইডি। শান্তিনিকেতনে ‘অপা’ নামে একটি বাড়ির সন্ধানও পাওয়া যায়। ইডি সূত্রে খবর, পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের মোট ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতিই আবার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর আরও নতুন নতুন সম্পত্তির সন্ধান পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়া বাগনান ও পাটুলি এই ৪ জায়গায় সম্পত্তির খোঁজ মেলে। পুরো সম্পত্তির মূল্য ১৪ কোটি টাকা।
উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক এবং নবম-দশম, একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ মামলায় এখনও পর্যন্ত ৩৬৫.৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আগামীতে তা আরও বাড়তে পারে বলেই সন্দেহ গোয়েন্দাদের।



