দেশে একদিনে আক্রান্ত পৌঁছে গেল ৫০ হাজারের দোরগোড়ায়,ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে লকডাউন শিথিল হলেই হু হু করে ছড়াবে সংক্রমণ। হাতের বাইরে চলে যাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমনই আশঙ্কার কথা শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই আশঙ্কাকেই সত্যি করে প্রতিদিন বাড়ছে সংক্রমণ। ভাঙছে পুরনো রেকর্ড। শুক্রবারও যার ব্যতিক্রম হল না। একদিনে আক্রান্ত পৌঁছে গেল ৫০ হাজারের দোরগোড়ায়। যা নিঃসন্দেহে উদ্বেগজনক।গত কয়েক দিনে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩৫-‌৪০ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই সংখ্যা লাফিয়ে বাড়ল এবার।

আরও পড়ুনঃ দেশে একদিনে আক্রান্ত পৌঁছে গেল ৫০ হাজারের

Shamim Ahamed Ads

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৪৫,৭২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের নিরিখে ‌এই সংখ্যাই এখনও অবধি সর্বোচ্চ। গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০-‌এর মধ্যে ঘোরাফেরা করছিল। সেই সংখ্যাও এবার লাফিয়ে বাড়ল। একদিনে হাজার ছাড়িয়ে গেল মৃত্যুর সংখ্যা! এখনও অবধি দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯,৮৬১ জনের। আর, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,১২৯। এর মধ্যে শুধু তামিলনাড়ুতেই ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রে মারা গিয়েছেন ২৮০ জন।দেশে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৬৩.৪৫ শতাংশে , মৃত্যুহার রয়েছে ২.৩৭ শতাংশে। নতুন আক্রান্তের সাড়ে ৬৫ শতাংশই পাঁচ রাজ্যের গত ২৪ ঘণ্টায় ভারতে যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার ৬৫.৫৫ শতাংশই এসেছে দেশের পাঁচটি রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় দেশের যে যে রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি সেগুলি হল মহারাষ্ট্র (৯,৮৯৫), অন্ধ্রপ্রদেশ (৭,৯৯৮), তামিলনাড়ু (৬,৪৭২), কর্নাটক (৫,০৩০) এবং উত্তরপ্রদেশ (২,৫২৯)। এর পর অবশ্য বড়োসড়ো রেকর্ডের তালিকায় পশ্চিমবঙ্গ (২,৪৩৬), তেলঙ্গানা (১,৫৬৭), ওড়িশাও (১,২৬৭) রয়েছে। অপর দিকে আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৮ হাজার ৪৭৫ জন, মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৮২ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১২ লক্ষ ৩৮ হাজার ৭৯৮ আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৮৬১ জন। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৯৩ হাজার ৭২০ জন মানুষ করোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৭৩ জনের।

করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । সেখানে মোট ৪ লক্ষ ৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে পেরু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৯৬ জন । মৃতের সংখ্যা ১৭,৬৫৪। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৭১২ জন, মৃতের সংখ্যা ৪১,৯০৮। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৬৩৯ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৭২১।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত