দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়ায় চরম উত্তেজনা। উত্তর হাওড়ায় বিজেপির রোড শো ঘিরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে স্লোগানযুদ্ধ শুরু হয়ে মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর এলাকা, শেষমেশ পরিস্থিতি সামাল দিতে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের আগে শেষ রবিবারেই এই ঘটনা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।
রবিবার সকালে উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা তথা বিজেপি নেতা রবি কিষাণ। মিছিল যখন লিলুয়া বি রোড এলাকায় পৌঁছয়, তখনই উত্তেজনার সূচনা। ওই এলাকায় তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। রোড শো পৌঁছতেই তৃণমূল সমর্থকদের তরফে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। তার পাল্টা বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন।


ক্রমে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে স্লোগানবাজি থেকে শুরু হয় কথা কাটাকাটি, যা দ্রুত ধস্তাধস্তিতে গড়ায়। অভিযোগ ওঠে, উভয় পক্ষ থেকেই উত্তেজনা ছড়ানো হয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নেয়। লাঠিচার্জের অভিযোগও উঠেছে বাহিনীর বিরুদ্ধে।
পরিস্থিতি কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় অতিরিক্ত নজরদারি চালাচ্ছে, যাতে ভোটের আগে আর কোনও অশান্তি না ছড়ায়।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রচারের সময় রয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের প্রভাবিত করতে জোরকদমে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল। বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ নেতারা ইতিমধ্যেই বাংলায় প্রচারে নেমেছেন। সভা, মিছিল, রোড শো—সব মিলিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নির্বাচনী লড়াই। তারই মাঝে হাওড়ার এই ঘটনা ভোটের আবহকে আরও উত্তপ্ত করে তুলল।









