আরজি কর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টোর সময় মামলাটির শুনানি হবার কথা থাকলেও তা শুরু হতে হতে বেলা ৪টে ১৫ বেজে গেল। এদিন শীর্ষ আদালতে ফের একবার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সেই রিপোর্ট বেশ কিছুক্ষণ ধরে পড়ে দেখে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ।
এদিন তদন্তের রিপোর্ট পর্যবেক্ষণের পর প্রধান বিচারপতি বলেন, চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমন্ত অবস্থায় কী ভাবে চোখে আঘাত লাগল? সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, চশমা খুলে না রাখার জন্য সেটি হয়েছে। সেখানেই বিচারপতি ফের জানতে চান, চশমা পরে কেউ কি ঘুমাতে যায়? তখন বলা হয়, চশমা পাশে ছিল। সিজার লিস্টে সে কথা উল্লেখ করা হয়েছে। চশমা নির্যাতিতার চোখে ছিল না।









