২০২১-এ ‘ভাই’কে ভাইফোঁটা, আর দাবি পাঁচ বছরের প্রেম! হিরণ–ঋতিকার ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন প্রথম স্ত্রী অনিন্দিতার

২০২১ সালের ভাইফোঁটার ছবি সামনে আসতেই হিরণ–ঋতিকার পাঁচ বছরের প্রেমের দাবি নিয়ে প্রশ্ন তুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বিতর্কে নীরব বিধায়ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়-কে ঘিরে ব্যক্তিগত জীবনের বিতর্ক নতুন মোড় নিল। বুধবার রাতে সমাজমাধ্যমে হিরণের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। দাবি করেছিলেন, গত পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্ক। যদিও সেই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই মুছে দেন তিনি। ঠিক তার পরেই সামনে এল এমন একটি ছবি, যা ঘিরে নতুন করে প্রশ্ন তুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়

প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, ২০২১ সালের ভাইফোঁটায় হিরণকে কপালে ফোঁটা দিচ্ছেন ঋতিকা। সেই ছবি দেখিয়ে অনিন্দিতার সোজা প্রশ্ন—২০২১ সালের নভেম্বরে যদি ভাই হিসেবে ভাইফোঁটা দেওয়া হয়ে থাকে, তা হলে পাঁচ বছরের প্রেমের দাবি কীভাবে সত্যি হয়?

অনিন্দিতা স্পষ্ট ভাষায় বলেন, “এই ভাইফোঁটার ছবি হিরণের খড়্গপুরের বাড়িতে তোলা। সেটা দেখেই বুঝলাম আমি এতদিন যা বলছিলাম, সেটাই সত্যি। ভাই হিসেবে ফোঁটা দিয়ে পরে কীভাবে একজন মানুষকে বিয়ে করা যায়? বিষয়টা ভেবে আমার অস্বস্তি হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।”

অনিন্দিতার দাবি, গত কয়েক বছর ধরে হিরণ নিয়মিত খড়্গপুর ও কলকাতার বাড়ির মধ্যে যাতায়াত করতেন। তাঁদের মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল—এমনটা কখনও হয়নি। এমনকি ২০২৪ সালে তাঁরা একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। সেই সময়ই ঋতিকা সম্পর্কে কানাঘুষো কানে আসে অনিন্দিতার। তবে তখন হিরণ তাঁকে জানিয়েছিলেন, ওই তরুণী নাকি তাঁকে ভয় দেখাচ্ছেন। স্বামীর কথায় তখন বিশ্বাসও করেছিলেন বলে দাবি অনিন্দিতার।

যদিও অনিন্দিতা মানছেন, তাঁদের দাম্পত্য সম্পর্ক খুব মসৃণ ছিল না। তিনি বলেন, “ও যাতায়াত করত, কিন্তু আমি অভিমান করে কথা বলতাম না। এতদিন চুপ ছিলাম, কারণ পরিবারের অসম্মান চাইনি। কিন্তু গত কয়েক বছর আমার আর আমার মেয়ের উপর ভয়ঙ্কর মানসিক অত্যাচার করা হয়েছে।”

এত অভিযোগ–পাল্টা অভিযোগের মাঝেও এখনও নীরব হিরণ চট্টোপাধ্যায়। কোথায় আছেন তিনি, এই মুহূর্তে কী অবস্থান নিচ্ছেন—তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রকাশ্যে আসা ভাইফোঁটার ছবি কি এই সম্পর্ক-বিতর্কে নতুন মোড় এনে দেবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও বিনোদন মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন