বাংলার বহুচর্চিত অভয়া-কাণ্ডের ছায়ায় তৈরি হতে চলা ছবিকে ঘিরে এল বড় মোড়। ‘তিলোত্তমা’ নামে ঘোষিত ছবির বদলে এবার আসছে ‘হীরক রানীর দেশে’। আর এই রাজনৈতিক ব্যঙ্গধর্মী ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন জয়াপ্রদা। মঙ্গলবার কলকাতায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়।
প্রথমে পরিকল্পনা ছিল ২০২৪ সালের আলোড়ন তোলা অভয়া-কাণ্ডকে কেন্দ্র করে ‘তিলোত্তমা’ নামে একটি ছবি তৈরির। ছবির ঘোষণা উপলক্ষে কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠকের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথেরও।
তবে অনুষ্ঠান শুরুর আগেই নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত ‘তিলোত্তমা’ নামে কোনও ছবি তৈরি হচ্ছে না। পরিবর্তে নতুন প্রকল্প হিসেবে সামনে আনা হয় ‘হীরক রানীর দেশে’।
পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, দীর্ঘ প্রায় এক বছর ধরে ‘তিলোত্তমা’ ছবির জন্য গবেষণা ও প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এই প্রসঙ্গে উজ্জ্বল বলেন, “হঠাৎই মনে হয়েছে ছবিটি আর করব না। পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই এই পদক্ষেপ। একজন মায়ের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।”
পরিচালকের বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, সংশ্লিষ্ট পরিবারের পূর্ণ সম্মতি না পাওয়াতেই ‘তিলোত্তমা’ প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাননি তিনি।
নতুন ছবি ‘হীরক রানীর দেশে’কে রাজনৈতিক ব্যঙ্গচিত্র বা পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে বর্ণনা করেছেন উজ্জ্বল। তাঁর দাবি, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা এবং ক্ষমতার নানা স্তর এই ছবির মূল বিষয়বস্তু হবে।
সবচেয়ে বড় আকর্ষণ, ছবির কেন্দ্রীয় চরিত্র ‘হীরক রানী’-র ভূমিকায় অভিনয় করবেন জয়াপ্রদা। বহু বছর পর তাঁকে আবার বাংলা ছবিতে দেখা যাবে। তবে নিজের চরিত্র বা ছবির বিষয়বস্তু নিয়ে এখনই বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী।
জয়াপ্রদা শুধু জানিয়েছেন, “বাংলা ছবিতে কাজ করতে পেরে আমি উৎসাহিত। ছবির বিষয় এবং চরিত্র নিয়ে বিস্তারিত পরিচালকই বলতে পারবেন।”
জয়াপ্রদার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, রাজনন্দিনী পাল, অমৃতা চট্টোপাধ্যায়-সহ আরও একাধিক পরিচিত মুখকে।
পরিচালক জানিয়েছেন, চলতি জুন মাস থেকেই ছবির শুটিং শুরু হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘হীরক রানীর দেশে’। অভয়া-কাণ্ডের বাস্তব অনুপ্রেরণা থেকে রাজনৈতিক ব্যঙ্গের পথে মোড় নেওয়া এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।



