নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশ আবার ইলিশ পাঠাচ্ছে এপার বাংলায়। আজ অর্থাৎ বুধবার থেকেই ওপারের রূপোলী ফসল আসবে এপারে। শুধু স্বাদে গন্ধে বা রূপে নয়, গুণেও মাছের রানী সে। হার্ট থেকে ফুসফুস সবই ভাল রাখে ইলিশ। মাছের রাণী ইলিশ খেলে ভাল থাকে শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হার্ট। হয়তো সেই কারনেও এই মাছকে হৃদয়ে রাখে বাঙালি। তাই বাংলাদেশ ইলিশের দুয়ার খুলে দিতে আনন্দের অন্ত নেই এপার বাংলার বাঙালির।
আরও পড়ুনঃ ভারতে ছাড়পত্র পেল ZyCoV-D ভ্যাকসিন, জরুরি ভিত্তিতে ব্যবহার হবে শিশুদের উপর।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপারের বাঙালিদের মুখে হাসি ফুটিয়ে সিদ্ধান্ত নিয়েছে ইলিশ পাঠানোর। সব মিলিয়ে ৩ হাজার ৬০০ টন ইলিশ মাছ আসবে পশ্চিমবঙ্গে। তবে দুর্গাপুজোর আগেও ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু কয়েকদিন পরে সেই উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়। তখন কথা ছিল, বাংলাদেশ থেকে মোট ৪ হাজার ৬০০ হাজার টন ইলিশ আসবে ভারতে। কিন্তু বাংলাদেশের নিয়ম মেনেই সেই রপ্তানি রদ করে সরকার।
নিয়ম অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জাল ফেলা হয়না পদ্মা, মেঘনায়। মাছের বংশ বৃদ্ধিতে সহায়তা করার জন্যেই এই চেষ্টা বাংলাদেশ সরকারের। এই সময়টা রাখা হয় ইলিশের ডিম পাড়ার জন্যে। সেকারনেই নিয়মমত বন্ধ ছিল ইলিশ ধরা। তাই ৩ অক্টোবরের পর ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন আর বাধা নেই। ২৫ তারিখের পর থেকেই জাল পরছে নদীতে। উঠছে জলের রূপোলী ফসল। কাঁটাতার পেরিয়ে তা আসছে এপারেও।
বাংলাদেশ আবার ইলিশ পাঠাচ্ছে, পদ্মার ফসল সস্তায় কিনে ভাইফোঁটা করবে বাঙালি!

সূত্রের খবর দুর্গাপুজোর সময় ১ হাজার মেট্রিকটন ইলিশ এসেছিল এপারে। নির্ধারিত ৪ হাজার ৬০০ টনের মধ্যে বাকি থাকা ৩ হাজার ৬০০ টন ইলিশ এবার আসছে এপার বাংলায়। দুর্গাপুজোর সময় আগুনের দামে পুড়তে থাকায় বড় ইলিশ দেখে খোকা ইলিশ খেয়ে স্বাদ মিটিয়েছে বাঙালি। তবে এবার সেই দামের প্রায় ৩০ শতাংশ কম দামেই পাওয়া যাবে ইলিশ বলে জানাচ্ছে সূত্র।


জানা গিয়েছে ১ থেকে দেড় কেজি সাইজের ইলিশ মিলবে ১২০০ টাকায়। ৮০০ গ্রাম সাইজের ইলিশ কিনতে পারবেন ৮০০ টাকাতেই। তবে দেড় কেজির ওপরে মাছের ওজন হলে দাম হবে ১৮০০ টাকার কাছাকাছি। এখন দেখার ভাইফোঁটায় জমিয়ে ইলিশ খেতে পারে কিনা এপার বাংলা।







