নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই বাংলাজুড়ে একের পর এক হিংসা ও অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। যার জেরে ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েতে ভোট নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথমে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি দিলেও, শেষে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের ভোটের পরিস্থিতি বুঝে এবারের পঞ্চায়েতে রাজ্যের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীই মোতায়ন থাকবে বলেই জানান আদালত।
আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায়ক! নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি নওশাদের
কিন্তু এখানেই শেষ নয়! এবার রাজ্যজুড়ে একাধিক অশান্তির ঘটনায় রাজ্যের কাছ থেকে ব্যাখ্যা চাইল আদালত! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। হাইকোর্টেরও নির্দেশ মানা হল না। পঞ্চায়েতের আগেই এমন ঘটনা কেন ঘটল? এর উপযুক্ত তদন্ত করা উচিৎ! এই পুরো ঘটনা নিয়ে রাজ্যকে ব্যাখ্যা দিতে হবে। এমনটাই শুক্রবার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

বিচারপতি মান্থা আরও বলেন, “একের পর এক অভিযোগ উঠে এসেছে এই কয়েকদিনে। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিৎ। আদালত প্রথম থেকেই সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এসেছে। কিন্তু কোনও কোনও পদক্ষেপ আমার চোখে পরেনি। এই গুলি কি হচ্ছে? অন্তত এই সব হিংসার ঘটনায় একটা এফআইআর করা উচিৎ ছিল! কিন্তু সেটাও হল না। আদালতের নির্দেশের পরেও রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ।

শুক্রবার আদালত হুঁশিয়ারি দিয়ে জানায়, রাজ্যজুড়ে একের পর এক হিংসার ঘটনায় মামলকারীরা যে সব অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে হাইকোর্টের কাছে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। আদালতের কাছে জানাতে হবে কেন হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারলেন না। তাছাড়াও যে পুলিশ কর্মীরা নিরাপত্তা দিতে ব্যর্থ তাঁদের বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নিল না রাজ্য!
রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, নবান্নকে তলব হাইকোর্টের




