নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়তে নির্বাচন! এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত বাংলা। রাজ্যজুড়ে একাধিক জায়গা, যেমন পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে হিংসা ও অশান্তির ঘটনা সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাই এবার নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি।
আরও পড়ুন: মনোনয়নের শেষেও ফের উত্তপ্ত মুর্শিদাবাদ! গুলিবিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা
প্রসঙ্গত, এর আগেও ২২ মে অমিত শাহকে চিঠি লিখেছিলেন ভাঙড়ের বিধায়ক! তারপরেও সম্প্রতি নবান্নে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নওশাদের। এরপরেই নিরাপত্তার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ। সেই চিঠিতে তিনি উল্লেখ করেন যে, বিগত ২ দিন ধরে ভাঙড়ে যে হিংসার ঘটনা ঘটে চলছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়ে অমিত শাহের দ্বারস্থ হয়েছেন তিনি।

অন্যদিকে, বিগত কয়েকদিনের এই অশান্তির ফলে আজ, শুক্রবার ভাঙড়ের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যপাল। গত তিন দিন ধরে ভাঙড়ের যে সব রাস্তায় অশান্তির দেখা দিয়েছে, সে সব জায়গা ঘুরে দেখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিজয়গঞ্জ বাজারের যেখানে গোলাগুলি চলে, সেখানে নেমে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বললেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যপাল।

এদিকে, বাংলায় অশান্তির ঘটনায় ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন তিনি। সমস্ত পরিস্থিতির কথাও জানান তিনি। অন্যদিকে, রাজ্যের ভোটের পরিস্থিতি বুঝেই প্রথমে কেন্দ্রীয় বাহিনীর মোতায়নের হুঁশিয়ারি দিলেও, শেষে বৃহস্পতিবার বিকেলে এপ্রসঙ্গে নির্দেশ দেন বিচারক। এবারের পঞ্চায়েতে রাজ্যের নিরাপত্তায় মোতায়ন থাকবে কেন্দ্রীয় বাহিনীই।
নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায়ক, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি নওশাদের




