নজরবন্দি ব্যুরো: গত ২৮ মার্চই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আগামী পঞ্চায়েতের কথা মাথায় রেখেই আরও দুই মাস বাড়ানো হয় রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ। তাই বর্তমানে আর সৌরভ দাসের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। ২৮ মে অবসর নিয়েছেন সৌরভ দাস। এই মুহূর্তে ফাঁকা রাজ্য নির্বাচন কমিশনারের পদ। কিন্তু সামনেই রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন! আর নির্বাচনের কথা ভেবেই এবার রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে কে আসবেন? তা নিয়েই রাজ্য-রাজভবনের মধ্যে রীতিমত দড়ি টানাটানি চলছে।
এহেন পরিস্থিতিতে জল্পনা বাড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনারের ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষে ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে,
রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকেই দায়িত্বে চাইছে নবান্ন। সেই কারনেই রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নামই পাঠানো হয়েছে। কিন্তু সেই নামে কি শিলমোহর দেবেন রাজ্যপাল। এপ্রসঙ্গে রাজ্যপাল জানান, সঠিক সময় এলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে।

যদিও এখনও পর্যন্ত দায়িত্বে কাকে পাঠানো হবে তা এখনও অফিসিয়ালি জানা যায়নি। নবান্নের পক্ষ থেকেই এই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, নতুন রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে ডব্লিউবিআইআইডিসির চেয়ারম্যান রাজীব সিনহা। এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? সেই কারণেই প্রাক্তন মুখ্যসচিব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছিল রাজভবন। তাছাড়াও এই সম্ভাব্য তালিকায় নাম রয়েছে আরও এক বাঙালী আমলারও।

উল্লেখ্য, প্রথমে স্থির ছিল রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্য নির্বাচন কমিশনার করার। কিন্তু তিনি ৩০ জুন অবসর নিচ্ছেন। যদিওবা বর্তমান রাজ্য সরকার তাঁর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে তাঁকে মুখ্যসচিব পদে রাখতে চেয়েছিল। যার জেরে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দেওয়া হয়েছিল। আর সেই চিঠিটিতে রাজ্যের যুক্তি ছিল যে, উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে মুখ্যসচিবের মেয়াদ অবসরের পর এক বছর বাড়ানোর ঘটনা সামনে এসেছে। সেই সব মিলিয়ে এক্ষেত্রেও রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে আনার ভাবনা চিন্তাও শুরু করেছিল রাজ্য সরকার।
State Election Commissioner-র দায়িত্বে নতুন কে আসছেন, রাজ্য-রাজভবনের মধ্যে দড়ি টানাটানি চলছে









