নজরবন্দি ব্যুরো: জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল এক সরকারি হাসপাতাল। এরপর দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পলিথিনে মোড়া অবস্থায় পড়েছিল। কিন্তু কবরে দেওয়ার সময়েই পলিথিনের ভিতরেই নড়ে উঠল শিশু। এই ঘটনায় উপস্থিত সকলের চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। এই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
আরও পড়ুন: Weather update: তীব্র দাবদাহের সম্ভাবনা! ৪০ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে, বড়সড় পরিবর্তন আবহাওয়াতে


জানা গিয়েছে, গত ৮ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন মোনালিসা খাতুন। পরিবারের দাবি, প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় গত ৭ তারিখ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। নির্ধারিত সময়ের আগেই সন্তানের জন্ম হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করা হয়। এমনকি পরিবারে হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়।

সরকারি হাসপাতালে মৃত ঘোষণা, নড়ে উঠল একরত্তি

এরপর পলিথিনে মোড়া শিশুর মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের লোকজন। কবরে দেওয়ার সময় হঠাৎ প্লাস্টিকের ভিতরেই সদ্যোজাত নড়ে ওঠে। দ্রুত তাকে ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। রবিবার ভোরে মৃত্যু হয় খুদের। এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার।

হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবার। তাঁদের দাবি, সঠিক চিকিৎসা করালে প্রাণে বাঁচানো যেত। তবে এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।









