নজরবন্দি ব্যুরোঃ বিজেপি প্রার্থী পার্নো মিত্র কে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান উঠল বরানগরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক লাঠিচার্য করে পুলিশ। আজ রাজ্যের পঞ্চম দফা নির্বাচন চলছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার গণ্ডগোল হল বরানগরে। বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘেরাও করে গো ব্যাক স্লোগান দিল একদল মানুষ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
আরও পড়ুনঃ মৃত্যু নিয়ে রাজনীতি মমতার পুরনো অভ্যেস, শীতলকুচি ক্লিপ প্রসঙ্গে খোঁচা মোদী-লকেটের


ভোট শুরুর পর এদিন সকাল থেকেই বরানগরের বিভিন্ন বুথে যাচ্ছেন পার্ণো। প্রায় সব বুথ শান্তিপূর্ণ থাকলেও বরানগরের ৭ নম্বর ওয়ার্ডে ৭৮ নম্বর বুথে ছাপ্পা হচ্ছে শুনে ছুটে আসেন বিজেপি প্রার্থী। পার্নোর অভিযোগ, ঘটনাস্থলে এসে ছাপ্পায় বাঁধা দেওয়ায় তৃণমূল কর্মীরা তাঁকে ধাক্কা দেয়। তাঁর গাড়িতেও ধাক্কাধাক্কি করা হয়। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
অন্যদিকে পার্নো আলমবাজারের বুথের সামনে এলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে ঘুরে বেরাচ্ছেন। মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে দু’পক্ষের মধ্যে বচসার জেরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েকজন আহত হয়েছেন লাঠিচার্যের ঘটনায়।
বিজেপি প্রার্থী পার্নো মিত্র কে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পাল্টা আক্রমণ শানান। তৃণমূল প্রার্থী তাপস রায় বলেন, ‘১৮টি গাড়ি নিয়ে ঘুরছেন, কটূ মন্তব্য করছেন বিজেপি প্রার্থী।’ তৃণমূলের অভিযোগ ‘বহিরাগতদের নিয়ে এলাকা দাপাচ্ছেন বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় বাহিনী কিছুই করছে না।’









