ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তার আবহে এবার সরব হলেন সুনীল গাভাসকর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান ও বারবার বয়কটের হুমকিতে বিরক্ত কিংবদন্তি এই ক্রিকেটার সাফ জানালেন, সব সময় ভারতই কেন এগিয়ে গিয়ে সৌজন্য দেখাবে—এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, ২০০৮ সালে আইপিএল শুরুর সময় পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা নিয়মিত অংশ নিতেন। প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই একজন করে পাকিস্তানি ক্রিকেটার ছিলেন। তাঁর দাবি, পাকিস্তান সব সময় চায় ভারত তাদের আমন্ত্রণ জানাক, কিন্তু সেই সৌজন্য ফিরিয়ে দেয় না।


গাভাসকর বলেন, ভারতের গায়ক বা চলচ্চিত্র তারকাদের পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয় খুব কমই। অথচ ভারতই সব সময় প্রথম পদক্ষেপ নেয়। তাঁর প্রশ্ন, “আমরাই সব সময় বন্ধুত্বের হাত কেন বাড়াই? আমরা কখনও ওদের পিছনে লাগি না, নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকি।”
১৫ ফেব্রুয়ারির টি–২০ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ওই ম্যাচ খেলবে না বলেই ইঙ্গিত দিয়েছে। মনে করা হচ্ছে, টুর্নামেন্টের কিছু সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে তারা। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বেছে বেছে প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলা ক্রিকেটীয় আদর্শের বিরোধী।
এই পরিস্থিতিতে আইসিসির উদ্দেশে পরামর্শও দিয়েছেন গাভাসকর। তাঁর মতে, ভবিষ্যতে টুর্নামেন্টের ড্র স্বাভাবিক পদ্ধতিতে করা উচিত। ইচ্ছাকৃতভাবে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করা ঠিক নয়।


তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৭ বিশ্বকাপে দুই দল একই গ্রুপে ছিল না। তখন পাকিস্তান শুরুতেই ছিটকে গিয়েছিল। তার পর থেকেই আইসিসি বারবার দুই দেশকে একই গ্রুপে রাখার চেষ্টা করছে—যা নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাসকর।







