ভারতের কোচের পদ ছাড়ছেন গম্ভীর? IPL-এর আগে বড় প্রস্তাবে জোর জল্পনা

রাজস্থান রয়্যালসের তরফে মেন্টর, সিইও ও পার্টনার হওয়ার প্রস্তাব গম্ভীরকে; তবে বিসিসিআইয়ের চুক্তির কারণে জাতীয় দলের কোচের পদ ছাড়তে নারাজ তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে শুরু ভারতের। তার মাঝেই নতুন জল্পনা—ভারতের হেড কোচ Gautam Gambhir-কে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছে Rajasthan Royals। আইপিএলের আগে এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন গম্ভীর?

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত। দলের এই সাফল্যের মাঝেই গম্ভীরকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

একাধিক রিপোর্টে দাবি, রাজস্থান রয়্যালসের নতুন কর্ণধাররা গম্ভীরের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে শুধু দলের মেন্টর হিসেবেই নয়, বরং আরও বড় দায়িত্বে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজ়ি। সূত্রের খবর, গম্ভীরকে একসঙ্গে তিনটি পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—দলের মেন্টর, ফ্র্যাঞ্চাইজ়ির সিইও এবং পার্টনার।

দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজ়ির কিছু শেয়ার নতুন কর্ণধারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেই প্রেক্ষিতে গম্ভীরকে দুই থেকে তিন শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত ছিল সিইও এবং মেন্টর হওয়ার দায়িত্ব।

তবে এই প্রস্তাব গ্রহণ করতে গেলে বড় বাধা রয়েছে। বিসিসিআই-এর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ গম্ভীর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, একই সঙ্গে জাতীয় দল ও আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির কোনও পদে থাকা যায় না। ফলে রাজস্থানের প্রস্তাবে সাড়া দিতে হলে তাঁকে ভারতের কোচের পদ ছাড়তেই হবে।

গম্ভীরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি আপাতত সেই পথে হাঁটতে রাজি নন। ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বেই থাকতে চান তিনি। ফলে রাজস্থানের প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর