কোচ হিসেবে জীবনের প্রথম সিরিজ জয়। যেটা যেকোনো কোচের পক্ষে গর্বের এবং আনন্দের বিষয়। কিন্তু গৌতম গম্ভীর একজন অন্য ধাতুতে গড়া মানুষ। সিরিজ জিতেও উচ্ছ্বসিত নয় গম্ভীর। পরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু গম্ভীর তাতে সন্তুষ্ট হতে পারছেন না। তাই তিনি সিরিজ জিতে হুঁশিয়ারি দিয়ে রাখলেন দলের ক্রিকেটারদের।

সিরিজ জেতার পর সাজঘরের সব ক্রিকেটারদের একটি বার্তা দিয়েছেন গম্ভীর। টি-টোয়েন্টি সিরিজের পর এই দলের অনেক ক্রিকেটারই একদিনের দলে নেই। যারা দেশে ফিরে যাবেন তাদের জন্যই বার্তা নতুন কোচের। দেশে ফিরবে এমন ক্রিকেটারদের জন্য গম্ভীর বলেছেন, “যে ক’জন ক্রিকেটার একদিনের দলে নেই, তারা বিশ্রাম পাবে। তাই বাংলাদেশ সিরিজের আগে তারা যখন ফের দলে ফিরবে তখন তাদের ফিটনেস ও দক্ষতা আরো ভালো হতে হবে। এরকম মনোভাব থাকলে চলবে না যে যা হবে সিরিজ খেলতে গিয়ে হবে। আগে থেকেই নিজেকে তৈরি রাখতে হবে। ফিটনেস ভালো না হলে দলে জায়গা হবেনা”।

তবে তিনি যে শুধু বার্তা দিয়েছেন তা নয়। টি-টোয়েন্টি সিরিজ জিতেও উচ্ছ্বসিত নয় গম্ভীর, তারপরেও জেতার জন্য সকল খেলোয়ারদের তিনি অভিনন্দনও জানিয়েছেন। প্রশংসা করেছেন সূর্য কুমার যাদবের অধিনায়কত্বের। “আমি বলেছিলাম পরিস্থিতি যাই হোক না কেন শেষ পর্যন্ত লড়তে হবে। তোমরা প্রত্যেকে তা করে দেখিয়েছো। তার জন্য তোমাদের ধন্যবাদ”। এবার রোহিত শর্মার নেতৃত্বে একদিনে সিরিজ খেলতে নামবে ভারত।
সিরিজ জিতেও উচ্ছ্বসিত নয় গম্ভীর, দলকে দিলেন বার্তা

আগামী শুক্রবার শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ রোহিত বাহিনীর। অপরদিকে মঙ্গলবার এক দিনের সিরিজ়ের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের তেমন কোনও চমক নেই। তবে মূলত টেস্ট ম্যাচ খেলা নিশান মদুশঙ্কাকে দলে রাখা হয়েছে। দলে ফেরানো হয়েছে আকিলা ধনঞ্জয় এবং চামিকা করুণারত্নেকে। ভারত-শ্রীলঙ্কার তিনটি এক দিনের ম্যাচ হবে ২,৪ এবং ৭ অগস্ট।



