নজরবন্দি ব্যুরো: সামনেই পুজো। কেনাকাটা ছাড়াও এই সময়ে অনেকেরই নানান প্ল্যান থাকে যার জন্য খরচটা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি হয়। এদিকে গত কয়েকদিনেই একের পর এক জালিয়াতির খবর সামনে এসেছে। বিভিন্ন কারচুপির জেরে টাকা খোয়াচ্ছেন বহু মানুষ। এবার সামনে এল এক অভিনব কায়দার জালিয়াতির ঘটনা। ব্যাঙ্কের ভিতর থেকেই টাকা খোয়ালেন যুবক।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল! দলীয় কর্মীকে খুনের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে


পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পূর্ব কলকাতার বেলেঘাটার সুরেন সরকার রোডের এক বাসিন্দা পোস্টার কটন স্ট্রীটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা করতে আসেন। তিনি টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেইসময়েই এক ব্যক্তি তাঁর কাছে এসে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন। যুবককে তিনি বলেন, “লাইনে দাঁড়ানোর সময় তাঁর নেই। এখনই তাঁর ভালো নোটে নগদ টাকার প্রয়োজন। এমনকি তিনি একটি কালো ব্যাগ দেখিয়ে বলেন, চলতি কিন্তু পুরনো নোটে দুলক্ষ টাকা রয়েছে।” এই ব্যাগভর্তি টাকা দিয়ে ওই ব্যক্তি ৬৫ হাজার টাকা দাবি করে।

যুবক বেশি ভাবনা চিন্তা না করেই ওই ব্যক্তির সঙ্গে টাকার ব্যাগটি অদল বদল করে নেয়। অপরজন ৬৫ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কের বাইরে বেরিয়ে যান। এরপর কাউন্টারে গিয়ে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে যুবকের। দেখা যায়, ‘প্রতারক’ ব্যক্তির দেওয়া ব্যাগে টাকার বদলে রয়েছে কাগজ।



ব্যাঙ্কের ভিতর থেকেই অভিনব কায়দায় জালিয়াতির শিকার হলেন ওই ব্যক্তি। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পোস্তা থানার পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে। পুজোর আগে বড়বাজার ও পোস্তার ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুজোর আগেই অভিনব কায়দার জালিয়াতির শিকার যুবক, ব্যাঙ্কের ভিতরেই খোয়ালেন মোটা অঙ্কের নগদ








