নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতি! কখনও গরুপাচার, কখনও কয়লা পাচার! কখনও শিক্ষায় দুর্নীতি! আর এই দুর্নীতির জেরেই বঙ্গ রাজনীতি তোলপাড়! রীতিমত পঞ্চায়েতের আগেই স্বস্তিতে শাসক শিবির। এই পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল আরও এক দুর্নীতির ঘটনা! আর এই ঘটনা ঘটল শাসক শিবিরের উৎসাহে তৈরি হওয়া স্বনির্ভর গোষ্ঠীতে! শোরগোল ছড়িয়েছে!
আরও পড়ুন: COVID-19: ফের বাড়ছে করোনার আতঙ্ক, দেশের পাশাপাশি রাজ্যেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী!



সূত্রের খবর, এবার স্বনির্ভর গোষ্ঠীতে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সদস্যদের নামে ঋণ নিয়ে ‘আত্মসাৎ’ করে গায়েব সিএসপিরা, এমনটাই অভিযোগ তুলেছেন গোষ্ঠীর মহিলারা! তাঁদের দাবি, তাঁদের অজান্তেই তাঁদের নামে ঋণ নিয়ে প্রতারণা করা হয়েছে। বর্তমানে ঋণ না নিয়েও গোষ্ঠীর প্রতিটি সদস্যের কাঁধে এখন চেপে বসেছে হাজার হাজার টাকার ঋণের বোঝা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীতে।



জানা গিয়েছে, শুক্রবার দুর্নীতির অভিযোগে সোনামুখী ব্লকের কৃষ্ণবাটি এলাকায় সোনামুখী বিষ্ণুপুর রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের দাবি, বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় প্রায় ২০০টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। আর সেই গোষ্ঠীর মহিলা সদস্যদের নাম করে কোটি কোটি টাকার ঋণ নিয়েছেন সিএসপিরা। মহিলাদের না জানিয়েই তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
স্বনির্ভর গোষ্ঠীতে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সদস্যদের কাঁধে অযথা চেপে বসেছে ঋণের বোঝা

এই পরিস্থিতিতে ঋণের বোঝা থেকে মুক্তি ও প্রতারকদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গোষ্ঠীর মহিলারা! এরপরেই তাঁদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই দুই সিএসপি কর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশ।







