মেজাজ বদলাচ্ছে আবহাওয়া: ফেব্রুয়ারির শুরুতেই কি শীতের বিদায়? তাপমাত্রা নিয়ে কী বলছে হাওয়া অফিস

জানুয়ারির শেষেই তাপমাত্রার ঊর্ধ্বগতি স্পষ্ট। এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির শুরুতেই কি শীতের ইতি? কলকাতা ও বাংলার আবহাওয়া নিয়ে বিস্তারিত পূর্বাভাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েক দিন আগেও যেটা ভাবাই যাচ্ছিল না, সেটাই এখন বাস্তব। লেপ-কম্বল, সোয়েটার গায়ে জড়িয়ে কাঁপুনি ধরা সকাল-রাতের স্মৃতি যেন চোখের পলকেই ফিকে। জানুয়ারির শেষ প্রান্তে দাঁড়িয়ে আচমকাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছে—এ বার শীতের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে প্রত্যাশার অনেক আগেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারির শুরুতেই বাংলার আবহাওয়ায় স্পষ্ট উষ্ণতার ছাপ পড়তে চলেছে।

সপ্তাহখানেক আগেও প্রবল উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। কিন্তু সেই ছবি দ্রুত বদলে যাচ্ছে। শহর কলকাতায় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়ছে। চলতি বছর সক্রিয় হতে চলেছে ‘এল নিনো’। তার প্রভাবেই গোটা মরশুম জুড়ে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রেকর্ড অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রার ট্রেন্ড স্পষ্টতই ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা একলাফে বেড়ে দাঁড়ায় ১৬.৮ ডিগ্রিতে। শুক্রবার আরও ১ ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ মাত্র ৪৮ ঘণ্টায় শহরের রাতের তাপমাত্রা বেড়েছে প্রায় আড়াই ডিগ্রি। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মরশুমের স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি বেশি।

শুধু রাত নয়, দিনের তাপমাত্রাও বাড়াচ্ছে চিন্তা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। জানুয়ারির শেষেই পারদ প্রায় ২৭ ডিগ্রি ছোঁয়া আবহাওয়াবিদদের উদ্বেগ বাড়াচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মধ্যেই দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা গেলেও ধীরে ধীরে তার দাপট কমবে। কলকাতা-সহ একাধিক জেলায় ভোর ও সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে। উপকূল ও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দিনের বেলায় ঠান্ডার আমেজ অনেকটাই কম থাকবে।

অন্য দিকে, রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে এখনও শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে শীতের প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেলে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত