ক্ষমতায় আসার পরই সংগঠনের ভিত মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি। আগামী তিন মাস অন্য কোনও রাজনৈতিক দল থেকে কাউকে দলে নেওয়া হবে না— রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই সিদ্ধান্তে সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সল্টলেকের সাংগঠনিক বৈঠক থেকে জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছন সুনীল বনসল। শুক্রবার সল্টলেকের একটি হোটেলে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক শীর্ষ নেতা।
সূত্রের খবর, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা এবং সংগঠন শক্তিশালী করার উপর। বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী তিন মাস কোনও ‘যোগদান কর্মসূচি’ হবে না। মূল লক্ষ্য, দলে ‘বেনোজল’ ঢোকা আটকানো এবং সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করা।
সুনীল বনসল বৈঠকে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেন। দলের বিরুদ্ধে অশান্তি, তোলাবাজি বা অসংগঠিত কার্যকলাপের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিশেষভাবে টোটো, অটো ইউনিয়ন নিয়ন্ত্রণ এবং তোলাবাজির মতো বিষয় থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। বিজেপি সূত্রে খবর, প্রতিটি জেলায় দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ কমিটি গঠন করা হবে।
বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর এটাই ছিল বঙ্গ বিজেপির প্রথম বড় সাংগঠনিক বৈঠক। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার সভাপতি এবং রাজ্য পদাধিকারীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের দাবি, নতুন সরকারের সঙ্গে সাংগঠনিক স্তরে সমন্বয় বজায় রাখা এবং বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্বের কাজের সমন্বয়ও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় আসার পর সংগঠনের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও ‘সুযোগসন্ধানী’ প্রবেশ ঠেকাতেই এই কড়া অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব। আগামী পুরভোটের আগে সংগঠনকে নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



