‘সিনিয়র’ মেয়েকে স্যালুট করছেন ইন্সপেক্টর বাবা, ভাইরাল ছবি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়া মারফত প্রায় প্রতিদিনই আমরা কিছু না কিছু দেখতে পাই। এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবি বা ভিডিও দেখে কখনও আমাদের চোখ ভেজে কখনও আমাদের মুখে এক চিলতে হাসি ফোটায়। তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে গোটা নেট দুনিয়া আপ্লুত। দেখা যাচ্ছে, এক মহিলা ডিএসপি-কে স্যালুট করছেন তারই বিভাগের সার্কেল ইন্সপেক্টর ।

আরও পড়ুন: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপের

আপাত-দৃষ্টিতে এই ছবিতে বিশেষ কোনও বিশেষত্ব না থাকলেও এর নেপথ্যের গল্পই মন জিতে নিয়েছে নেটাগরিকদের। কারণ ছবিতে যে দুজন রয়েছেন, তাঁরা আসলে সম্পর্কে বাবা-মেয়ে। জানা গিয়েছে, অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট ইয়েন্দুলুরু জেসি প্রশান্তি-র বাবা ওয়াই শ্যামসুন্দর তাঁরই বিভাগের সার্কেল ইন্সপেক্টর। বাড়িতে বাবা-মেয়ের সম্পর্ক হলেও কর্মস্থলে মেয়েই বাবার সিনিয়র। আর রক্তের সম্পর্কের প্রভাব যে কর্মস্থলে পড়েনি, তা বোঝা গেল রাজ্য পুলিসের আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চেই।

“ফার্স্ট ডিউটি মিট” নামক ওই অনুষ্ঠানে রাজ্য পুলিসের সকল কর্মীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেওয়া হয়। সেখানেই মেয়ের সামনে এসে ‘বাবা’ রূপে নয়, সার্কেল ইন্সপেক্টর রূপেই ডিএসপিকে স্যালুট জানান শ্যামসুন্দর। জবাবে মেয়েও বাবাকে স্যালুট জানায়। আর এই দৃশ্য দেখেই আপ্লুত গোটা পুলিস বিভাগ। তিরুপতির এসপি রমেশ রেড্ডিও বাবা-মেয়ের এই জুটির প্রশংসা করেন।

‘সিনিয়র’ মেয়েকে স্যালুট করছেন ইন্সপেক্টর বাবা, অন্ধ্র প্রদেশ পুলিস-এর তরফে ছবিটি টুইটারে পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পুলিস বিভাগের শেয়ার করা সেই ছবির ক্যাপশনে লেখা, “#এপি পুলিস ফার্স্ট ডিউটি মিট পরিবারকে একত্রিত করল! সার্কেল ইন্সপেক্টর শ্যামসুন্দর তাঁর নিজের মেয়ে জেসি প্রসান্তিকেই গর্ব ও সম্মানের সঙ্গে স্যালুট করছেন, যিনি পুলিসের ডেপুটি সুপারিন্টেনডেন্ট। সত্যিই বিরল ও মন ভাল করা দৃশ্য এটি।” প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করে অন্ধ্র প্রদেশ পুলিস বিভাগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর