নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল পূর্ব নির্ধারিত সময়ে ছাড়া হবে রাশিয়ান রকেট সয়ুজ। যা নিয়ে তুঙ্গে রয়েছে প্রস্তুতি। শোনা গিয়েছে মোট ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে এই রকেট। সেখানেও পরিষ্কার ভাবে ফুটে উঠল যুদ্ধের প্রভাব। এবার রুশ রকেটের গা থেকে সরিয়ে ফেলা হল মার্কিন প্রতীকী। শুধু আমেরিকা নয়, পাশাপাশি মুছে দেওয়া হল ফ্রান্স, ব্রিটেন ও জাপানের পতাকা। তবে ঠাঁই পেল ভারতের পতাকা।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইউক্রেন হামলার ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তারপর সময়ের সাথে ভয়াবহ হামলার সাক্ষী থেকেছে ইউক্রেনীয়রা। প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছে ইউরোপের এই ছোট্ট দেশ। রুশদের এই আক্রমণে বিশ্বজুড়ে বইতে শুরু করেছে নিন্দার ঝড়। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স ও জাপানের মতো দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান সামগ্রী। তবে এইসমস্ত বিষয়ে নিষ্ক্রিয় থেকেছে মোদীর ভারত।
তাই অন্যান্য দেশগুলির পতাকা মুছে ফেলা হলেও ভারতের পতাকা রেখে কোনও বিশেষ বার্তা দিল রাশিয়া? উঠছে একাধিক প্রশ্ন। দিনকয়েক আগেই টুইটার হ্যাণ্ডেলে নজর কাড়ে একটি বিশেষ ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রুশ মহাকাশ সংস্থার কর্মীরা রকেট থেকে তুলে ফেলছেন একের পর এক দেশের প্রতীকী। তবে অক্ষত অবস্থায় রয়েছে ভারতীয় প্রতীকী।
যুদ্ধের প্রভাব, রুশ রকেট থেকে মোছা হল মার্কিন প্রতীকী, অক্ষত থাকল তেরঙ্গা

সেই ভিডিওটি নিজের টুইটারে হ্যাণ্ডেলে শেয়ার করেন রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন। তিনি শেয়ার করে লেখেন, ”বাইকোনুরের লঞ্চারগুলি সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু দেশের পতাকা ছাড়াই আমাদের রকেটটি আরও বেশি সুন্দর দেখাবে।” ভারতের পতাকা থাকায় অনেকেই মনে করছেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পুরোনো বন্ধুর পাশেই রয়েছে নয়াদিল্লি।









