নজরবন্দি ব্যুরোঃ কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রীকে তলব ইডির। আগামীকাল হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে ইডির তরফে। কয়লাকাণ্ডে পরশু তলব করা হয়েছে অভিষেকের শালিকাকে।
আরও পড়ুনঃ কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত? জানালেন কেজরিওয়াল
ইডি সূত্রে খবর, দুই জনকে আগামীকাল এবং আগামী পরশু দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, দুটি বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তাঁদের হাতে এসেছে। সেবিষয়ে তদন্তের জন্যই তলব করা হয়েছে তাঁদেরকে।
মঙ্গলবার ব্যক্তিগত কারণে হাজিরা এড়ালেন অভিষেক। ই-মেইল মারফত ইডিকে একথা জানিয়েছেন অভিষেকের আইনজীবী। এমনটাই সূত্রের খবর। অভিষেকের হাজিরা এড়ানোর বিবেচনা করবে ইডি। সূত্রে খবর, ফের তলব করা হতে পারে তাঁকে।
ইডির সমন পেয়ে গত রবিবারই অভিষেক দিল্লি উড়ে যান। তবে এই সমনের পিছনে যে বিজেপিরই চক্রান্ত রয়েছে, তা দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের সামনে আরও একবার জানিয়ে যান। একযোগে আক্রমণ করেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এর পর একটানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা অবধি একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন ইডি-র দফতর থেকে বেরিয়ে সরাসরি অমিত শাহকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, কোলিয়ারিতে কয়লা চুরি রোখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের। ভারত থেকে বাংলাদেশে গরু পাচার রোখার দায়িত্বে থাকে বিএসএফ। দুটো বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে।
গত সপ্তাহে অভিষেকের স্ত্রী রুজিরাকে সমন করা হলেও তিনি আসেননি। সেকথা ইডির কাছে জানিয়েছিলেন অভিষেক। যদিও তার আগেই ইডি-র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। তাঁদের বক্তব্য ছিল, কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও কেন দিল্লিতে বারবার তাঁকে তলব করা হচ্ছে?
কয়লা পাচারকাণ্ডে অভিষেকের স্ত্রীকে তলব ইডির, বিপাকে শালিকাও

অভিষেক এবং রুজিরার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল। প্রধান বিচারপতি এনভি রামানার সামনে ওই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। কিন্তু প্রধান বিচারপতি শুনানিতে রাজি হননি। তিনি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু কবে শুনানি হবে, তা নির্দিষ্ট করে কিছু বলেননি। ফলে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেককে সমনও বহাল রয়েছে।








