চারধাম যাত্রার মরশুমে বড়সড় নিরাপত্তা উদ্বেগ উত্তরাখণ্ডে। হরিদ্বার, কেদারনাথ, বদ্রিনাথ ও ঋষিকেশ-সহ একাধিক ধর্মীয় স্থানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তীর্থস্থান নয়, পর্যটন কেন্দ্র, সরকারি দফতর এবং থানাকেও নিশানা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ই-মেলের মাধ্যমে। হুমকি সামনে আসতেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
বর্তমানে একদিকে যেমন অমরনাথ যাত্রার প্রস্তুতি চলছে, অন্যদিকে উত্তরাখণ্ডে পুরোদমে চলছে চারধাম যাত্রা। এই গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ধর্মীয় ও জনবহুল এলাকাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি পাওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুসৌরি এবং হরিদ্বার পুরসভায় পাঠানো ই-মেলে একাধিক ধর্মীয় স্থান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ এবং বদ্রিনাথের নাম উল্লেখ করে হামলার পরিকল্পনার কথা বলা হয়েছে। ই-মেলে দাবি করা হয়েছে, প্রেরকরা খালিস্তানপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ হিসেবেই এই হামলা চালানো হবে।
শুধু ই-মেল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও বিভিন্ন থানাকে লক্ষ্য করে পৃথক হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ফলে গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।
হরিদ্বার পুরসভার কমিশনার নন্দন কুমার জানিয়েছেন, হুমকির ই-মেল পাওয়ার পর কোনও রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে এবং হুমকির উৎস ও বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে হরিয়ানার আম্বালা এলাকার এক ব্যক্তি এই ই-মেল পাঠিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ই-মেলের উৎস শনাক্ত করার চেষ্টা চলছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেদারনাথ, বদ্রিনাথ, হরিদ্বার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটন কেন্দ্র, সরকারি ভবন এবং জনবহুল এলাকাগুলিতেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রেমেন্দ্র ধোবাল জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের উপরও কড়া নজর রাখা হচ্ছে।
তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও চারধাম যাত্রার সময় এই ধরনের হুমকি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে নিরাপত্তা সংস্থাগুলির দাবি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও পর্যটকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



