নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত হুগলি যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিল ইডি। ইডি সূত্রে খবর, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জনের যে তালিকা পাওয়া গিয়েছিল, তার মধ্যে ৭ জনের নিয়োগ হয়েছে। যদিও এই সংখ্যাটা বাড়তে পারে। এমনটাই ইডি সূত্রে খবর। শুক্রবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন শান্তনু। শান্তনুর বাড়িতে নিয়োগের তালিকা কিভাবে তাঁদের কাছে এল? সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি।
আরও পড়ুনঃ কেষ্ট কন্যা সুকন্যাকেও তলব করল এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, ডাকা হল ১২ জনকে
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল তদন্তকারী সংস্থা। তদন্তকারী অফিসাররা মনে করছেন, কুন্তল এবং শান্তনু একে অপরের পরিচিত। নিয়োগ দুর্নীতিতে দুই জনেরই ভূমিকা রয়েছে। জানুয়ারি মাসে শান্তনুর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ প্রার্থীর নামের তালিকা এবং বেশ কিছু ইলেকট্রনিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। সেই বিষয়ে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুক্রবার আবার এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডির আধিকারিকেরা। পাশাপাশি শান্তনুর সঙ্গে কুন্তলের আর্থিক কোনও লেনদেন হয়েছে কি না, সেবিষয়েও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

একইসঙ্গে এদিন নিয়োগ দুর্নীতিতে জড়িত নতুন নাম সোমা চক্রবর্তীকেও তলব করেছে ইডি। বেশ কয়েক দফায় সোমার কাছে টাকা গেছে। এমনটা জানার পরেই সোমাকে আরও একবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ইডির হাতে এসেছে। সঙ্গে আনতে বলা হয় ব্যাঙ্কের সমস্ত নথি। এই সমস্ত নথি যাচাই করে সোমা এবং কুন্তলের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
শান্তনুর বাড়িতে নিয়োগের তালিকা, সোমার সঙ্গে টাকার লেনদেন, কুন্তল যোগের একাধিক বিষয় ইডির হাতে

ইডি সূত্রে খবর, তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের যে সমস্ত নথি খতিয়ে দেখা গেছে, তার একটিতে দেখা যাচ্ছে, সৌমি নামের একজনের সঙ্গে কুন্তলের লেনদেনের খোঁজ মিলেছে। ইডি সূত্রে খবর, এই সৌমি আসলে সোমাই। বিপুল টাকার লেনদেনের বিষয়েই খতিয়ে দেখছে ইডি।



