আমুল নয়, নতুন লগ্নিকারী পেতে আরও অপেক্ষা ইস্টবেঙ্গলের, ইমামির পর কে ধরবে লাল-হলুদের হাল?

ইমামির সরে যাওয়া কার্যত নিশ্চিত হওয়ার পর আমুলকে ঘিরে জল্পনা তৈরি হলেও আপাতত সেই সম্ভাবনা নেই। নতুন প্রধান বিনিয়োগকারী নিয়ে অনিশ্চয়তা কাটেনি ইস্টবেঙ্গলের, যদিও জুপিটার ওয়াগনের স্পনসরশিপ নিয়ে জোর আলোচনা চলছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী নিয়ে জল্পনা আরও ঘনীভূত হল। ইমামির বিদায় প্রায় নিশ্চিত হওয়ার পর বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমুল লাল-হলুদের নতুন প্রধান স্পনসর হতে পারে বলে আলোচনা শুরু হয়েছিল। তবে সেই সম্ভাবনায় আপাতত ইতি পড়েছে। ক্লাব সূত্রে জানা যাচ্ছে, আমুলের সঙ্গে কোনও চুক্তি চূড়ান্ত হয়নি এবং বর্তমানে সেই বিষয়ে কোনও অগ্রগতিও নেই।

সম্প্রতি ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, আর্থিক দায়ভার এবং ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতির কারণে ইমামি আগামী মরশুমে প্রধান বিনিয়োগকারী হিসেবে আর থাকতে চাইছে না। এরপর থেকেই নতুন কর্পোরেট অংশীদার খোঁজার কাজ শুরু করে ইস্টবেঙ্গল।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বড় শিল্প বিনিয়োগের ঘোষণার পর আমুলের নাম সামনে আসে। সংস্থাটি ভবিষ্যতে বাংলার ফুটবলেও বিনিয়োগ করতে পারে বলে জল্পনা তৈরি হলেও, আপাতত ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও চুক্তি হচ্ছে না বলেই জানা গেছে।

উল্লেখ্য, আমুল ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতের কোনও ফুটবল ক্লাবের প্রধান বিনিয়োগকারী হিসেবে তারা যুক্ত হয়নি।

অন্যদিকে, ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়ার সংস্থা জুপিটার ওয়াগন নতুন মরশুমে উল্লেখযোগ্য অঙ্কের স্পনসরশিপ দিতে পারে বলে ক্লাবের অন্দরে আলোচনা চলছে। পাশাপাশি, ইমামি পুরোপুরি সম্পর্ক ছিন্ন না করে সাধারণ স্পনসর হিসেবে ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও সূত্রের দাবি।

এরই মধ্যে ট্রান্সফার মার্কেটে বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমে লাল-হলুদের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স করে গোল্ডেন বল জয়ী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে দু’বছরের চুক্তিতে দলে নিয়েছে মোহনবাগান। ফলে নতুন মরশুমের আগে মাঠ এবং মাঠের বাইরের দুই ফ্রন্টেই চাপ বেড়েছে ইস্টবেঙ্গলের।

নতুন বিনিয়োগকারী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, দল গঠন এবং ট্রান্সফার কৌশল কতটা প্রভাবিত হবে, তা নিয়েই এখন সমর্থকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন