নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট, বাংলা দলের দায়িত্ব অনুষ্টুপের কাঁধে। দীর্ঘ বাধা কাটিয়ে গত সেপ্টেম্বরে আইপিএল দিয়ে ক্রিকেট চালু করেছে বিসিসিআই। তারপরেই ভারতীয় দল উড়ে গেছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। যে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজ এখন চলছে। আর আরবদেশে বায়ো বাবল পরিবেশ তৈরি করে আইপিএল এর সফল আয়োজন করার পর একই পদ্ধতিতে এবার দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ বর্ষবরণের দ্বিতীয় দিন থেকেই দেশজুড়ে শুরু হতে চলেছে ভ্যাকসিনের ড্রাই রান।
টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে ফের চালু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট। ১০ জানুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হবে। ‘বি’ গ্রুপে থাকা বাংলার সব ম্যাচ কলকাতায়। ফাইনাল ৩১ জানুয়ারি। বাংলা-সহ সব দলকে ২ জানুয়ারির মধ্যে বায়ো বাবলে ঢুকে পড়তে হবে। আর আজ টুর্নামেন্টের জন্য ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করল সিএবি। দলের অধিনায়ক বাছা হল অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে।
সহ-অধিনায়ক হলেন উইকেটরক্ষক শ্রীবত্স গোস্বামী। রঞ্জি অধিনায়ক অভিমুন্য ইশ্বরন দলে থাকলেও টি ২০ টুর্নামেন্ট হওয়ার কারনে অধিনায়ক হলেন অনুষ্টুপ। এছাড়াও দলে আছেন মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, ঈশান পোড়েলরা। তবে চূড়ান্ত দল থেকে বাদ গিয়েছেন কাজী জুনেয়েদ সইফি, সুজিত যাদব। তাঁদের স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
অবশেষে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট, বাংলা দলের দায়িত্ব অনুষ্টুপের কাঁধে। বাংলার চূড়ান্ত দলটি এইরকমঃ অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), শ্রীবত্স গোস্বামী (সহ অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, ঈশান পোড়েল, ঋত্বিক রায় চৌধুরী, বিবেক সিংহ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, অভিষেক দাস, মহম্মদ কাইফ, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মণ, কাইফ আহমেদ, রবি কান্ত সিংহ । নতুন বছরের প্রথম ট্রফি বাংলার ঘরে আসার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।



