রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়, প্রায় বছর তিনেক হল। ওটিটি -র পাশাপাশি জোর কদমে চলছে বড় পর্দার কাজ। একের পর এক গোল দিচ্ছেন দিতিপ্রিয়া। দোলযাত্রার দিন সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী।
আলো- আঁধারি ছবিতে মুখ স্পষ্ট বোঝা না গেলেও, জানান তিনিই টলি নায়িকার প্রেমিক। এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন অভিনেত্রী। কে দিতিপ্রিয়ার মনের মানুষ, এই নিয়ে এতদিন অবধি নানা কৌতূহল ছিল সকলের মনে। এবার সামনে এল টলিপাড়ার এই হবু জামাইয়ের নাম।
এবার বাংলা ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, জনপ্রিয় এক ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া রায়। স্টুডিওপাড়া সূত্ররে খবর, বিনোদন জগতের কেউ নন তিনি। চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া। গোলকিপার শমীক শিলিগুড়ির ছেলে। ২৩ বছর বয়স তাঁর। শমীক ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মেরিনা মাচানসে যোগ দেন।

তার পর চেন্নাইয়িন এফসিতে আসেন। ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ফুটবলারের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন কিছু নয়। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করেন গীতশ্রী রায়। এবার সেই তালিকায় আরেকটি নাম জুড়ল। টলিউডের জল্পনা, দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। প্রায়ই প্রেমিকার জন্যে উপহার পাঠান তিনি। সে ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ারও করেন অভিনেত্রী।



