তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন, ঠিক তখনই বিরোধী দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষার প্রসঙ্গেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন।
শুক্রবার বিরোধী দলনেতা সংক্রান্ত মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তৃণমূলের দুই শিবিরকে দলের নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই দিলীপের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
বিরোধী দলনেতা কে হবেন, সেই প্রশ্নে দিলীপ বলেন, “কে বিরোধী নেতা সেটা নিয়ে আমাদেরও টেনশন নেই। জনগণেরও কোনও চিন্তা নেই। যেই হোক না কেন, ওটা একটা উঠে যাওয়া পার্টি। খুব বেশি হলে বিধানসভায় উৎপাত করতে পারবে। তার বেশি কিছু নয়।”
শোভন চট্টোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—ব্যক্তিগতভাবে কে বেশি গ্রহণযোগ্য, সেই প্রশ্নেও কোনও পক্ষ নেননি তিনি। দিলীপের বক্তব্য, “যেই হোক। আমরা তো ঠিক করব ওদের নেতা কে হবে।” তাঁর দাবি, তৃণমূল এখন একাধিক ভাগে বিভক্ত। বিরোধীদের নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের নীতি ও সিদ্ধান্তের গঠনমূলক বিরোধিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জোড়াফুল প্রতীক নিয়ে কী বললেন দিলীপ?
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের শুনানি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিষয়টি তাঁদের আলোচনার বিষয় নয়। কমিশন শুনানি করবে এবং কমিশনই সিদ্ধান্ত নেবে। তবে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
দিলীপের কথায়, “১৫ বছর রাজত্ব করা একটা পার্টি। আমরা আগেই বলেছিলাম, যেদিন হারবে সেদিন পার্টি উঠে যাবে।” তাঁর দাবি, দলের মধ্যে এখন নেতা-কর্মীদের ঐক্য নেই এবং নিজেদের মধ্যেই বিবাদ চলছে।
অভিষেক-বাবুন বিতর্ক ও রেশন দুর্নীতি নিয়েও আক্রমণ
তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাম্প্রতিক বিবাদ। অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রসঙ্গে দিলীপ বলেন, বিষয়টি রাজনৈতিক না পারিবারিক, তা তিনি বুঝতে পারছেন না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও পারিবারিক অস্বস্তির কথাও তুলে ধরেন তিনি।
এদিন রেশন দুর্নীতি নিয়েও সরব হন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, বাংলায় রেশন ব্যবস্থায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং গরিব মানুষের প্রাপ্য রেশন অন্যদের হাতে পৌঁছেছে। দুর্নীতির তদন্তের পাশাপাশি রাজ্যের উন্নয়নও এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে দিলীপের দাবি, গত কয়েক মাসে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বেতন, ডিএ, ভাতা বৃদ্ধি এবং গ্রামোন্নয়নের মতো ক্ষেত্রে কাজ হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, বাংলা ঘুরে দাঁড়াক এবং উন্নয়নের পথে এগিয়ে যাক—এটাই সবার প্রত্যাশা।



