বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল রাজধানী ঢাকা-সহ একাধিক এলাকায়। বৃহস্পতিবার রাতেও পল্লবী ও বাড্ডায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা ও কুষ্টিয়ায় বোমাবাজির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার গভীর রাতে পরপর দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি পল্লবী এলাকায়। সেখানে একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেই সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। অন্য ঘটনাটি ঘটে বাড্ডা এলাকায়। একটি বাসের পিছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। পরিস্থিতি বুঝে দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন চালক। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
শুধু বাসে অগ্নিসংযোগ নয়, বিভিন্ন এলাকায় বোমাবাজির অভিযোগও সামনে এসেছে। ঢাকা ও কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-সহ বাংলাদেশের ছ’টি জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ প্রশাসন। ঢাকা, গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর ১০৯ প্ল্যাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। অশান্তি ছড়ানো এবং নাশকতার অভিযোগে জড়িতদের চিহ্নিত করতে চলছে তল্লাশি ও গ্রেফতার অভিযান।
বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে সবচেয়ে বেশি নজর রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫০ জনকে শুধু ঢাকা থেকেই আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন, মাদারীপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন এবং প্রয়াত আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন।
এদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলা এবং পাশের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সময়ে একাধিক হিংসাত্মক ঘটনার অভিযোগ সামনে এসেছে। থানা এবং বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অস্ত্র নিয়ে মিছিলের অভিযোগ ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে আগেই গোপালগঞ্জে রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ প্রশাসন।
এবার সেই জেলার মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা নিয়েও তৈরি হয়েছে সমস্যা। বৃহস্পতিবার থেকে বিকাশ, নগদ-সহ বিভিন্ন মোবাইল আর্থিক পরিষেবার লেনদেন ব্যাহত হচ্ছে বলে খবর। গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকই আপাতত এই পরিষেবা ব্যবহার করতে পারছেন না। তবে কেন শুধুমাত্র এই জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
ব্যাঙ্কিং সংস্থাগুলির আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশেই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের দাবি, সাম্প্রতিক সময়ে ঢাকা-সহ অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে অস্বাভাবিক হারে আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই কারণেই সাময়িকভাবে মোবাইল ব্যাঙ্কিং পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রশাসনের একাংশের আশঙ্কা, বিভিন্ন জেলা থেকে গ্রেফতারি এড়াতে কিছু ব্যক্তি গোপালগঞ্জে আশ্রয় নিচ্ছেন। তাঁদের কাছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন আধিকারিক। যদিও এই লেনদেনের সঙ্গে সরাসরি আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগ রয়েছে, এমন কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সব মিলিয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। একদিকে রাজধানীতে বাসে আগুন ও বোমাবাজির অভিযোগ, অন্যদিকে দেশজুড়ে গ্রেফতার অভিযান এবং গোপালগঞ্জে আর্থিক পরিষেবায় বিধিনিষেধ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় তার প্রভাব পড়তে শুরু করেছে।



