IND vs NZ 2nd Test: সচিনকে টপকে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের, ৩৪তম টেস্টেই একার হতে পারে নজির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্টে নেমে প্রথম ৩৩টি টেস্ট ৩৩টি আলাদা ভেন্যুতে খেলার নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। সচিনকে ছাপিয়ে সঞ্জয় মঞ্জরেকরের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মাঠে নামতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ব্যাট হাতে কোনও রান করার আগেই বিরল এক বিশ্বরেকর্ডের সমান ভাগীদার হলেন ভারতের এই তরুণ ওপেনার। টেস্ট কেরিয়ারের প্রথম ৩৩টি ম্যাচই খেললেন ৩৩টি আলাদা মাঠে। এই কৃতিত্ব রয়েছে আর মাত্র একজন ক্রিকেটারের—প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মঞ্জরেকরের।

এর আগে সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) নিজের প্রথম ৩২টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৩২টি আলাদা ভেন্যুতে। কিন্তু ৩৩তম টেস্টে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। ক্রাইস্টচার্চে নামার ফলে সচিনকে পিছনে ফেলে মঞ্জরেকরের নজিরে পৌঁছে গেলেন জয়সওয়াল। অর্থাৎ, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর প্রথম ৩৩টি ম্যাচ আলাদা মাঠে খেলার নজিরে যৌথভাবে শীর্ষে রয়েছেন মঞ্জরেকর ও জয়সওয়াল।

তালিকায় কোথায় রয়েছেন জয়সওয়াল?

ক্রিকেটার প্রথম আলাদা ভেন্যুতে টেস্ট
সঞ্জয় মঞ্জরেকর ৩৩
যশস্বী জয়সওয়াল ৩৩
সচিন তেন্ডুলকর ৩২
জাভাগল শ্রীনাথ ২৪
দিনেশ রামদিন ২৪

২০২৩ সালের ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোজোতে টেস্ট অভিষেক হয়েছিল জয়সওয়ালের। তারপর থেকে দেশের হয়ে প্রতিটি টেস্টে নতুন মাঠে খেলেছেন তিনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-সহ মোট সাতটি দেশের বিরুদ্ধে খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

পরের টেস্টেই কি একার রেকর্ড?

এখন নজর ২০২৭ সালের ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির দিকে। সূচি অনুযায়ী, নাগপুরে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টেস্ট। সেই মাঠে এখনও কোনও টেস্ট খেলেননি জয়সওয়াল। ফলে নাগপুরে ভারতীয় দলে সুযোগ পেলে ৩৪টি আলাদা ভেন্যুতে প্রথম ৩৪টি টেস্ট খেলার নজির গড়তে পারেন তিনি। তবে পরের ম্যাচ চেন্নাইয়ে খেললে তাঁর এই ধারাবাহিকতা থেমে যেতে পারে, কারণ ওই মাঠে আগেই টেস্ট খেলেছেন জয়সওয়াল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর